স্বামীকে ফেরত পেতে ভন্ড পীরের খপ্পরে গৃহবধূ
গ্রেপ্তার ভন্ড পীর মাছুম। ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ২৮ মে ২০২৪ | ২০:৫৬
স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে মানসিকভাবে ভেঙে পড়েন গৃহবধূ তাছলিমা। স্বামীকে নিজের কাছে ফেরত আনতে যান এক পীরের কাছে। ৯০ হাজার টাকার স্বর্ণালংকার ও এক লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয় পীর। পরে পুলিশের দ্বারস্থ হন প্রতারণার শিকার নারী। মঙ্গলবার ভন্ড পীরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমারুলী গ্রামের মৃত আ. জব্বারের মেয়ে তাছলিমা খাতুন (৩০)। ২০০৬ সালে সিরাজগঞ্জের শফিকুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিন ছেলে রয়েছে। শফিকুল ঢাকায় পোশাক কারখানায় কাজ করা অবস্থায় দুই বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। এরপর প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এতে স্বামীকে ফেরত পেতে বিভিন্ন কবিরাজের কাছে ছুটতে শুরু করেন তাছলিমা। স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে তাছলিমা মানসিকভাবে ভেঙে পড়লে ভন্ড পীর মাছুমের (৪৫) সন্ধান দেন স্বজনরা।
মাছুমের বাড়ি নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামে। তাছলিমাকে ভন্ড পীর আশ্বাস দেয় তাঁর কাছে স্বামীকে ফেরত এনে দেবে এবং ভালোভাবে সংসার করবে। তার কথায় বিশ্বাস করে স্বামীকে ফেরত পেতে ব্যাকুল হয়ে পড়েন তাছলিমা। তখন ভন্ড পীর মাছুম শর্ত দেয়, স্বামীকে ফিরে পেতে হলে টাকা ও স্বর্ণালংকার উপস্থাপন করতে হবে। পরে তাছলিমা তিন জোড়া স্বর্ণের দুল ও একটি স্বর্ণের হার, যার দাম প্রায় ৯০ হাজার টাকা এবং নগদ এক লাখ টাকা দেন। ছয় মাস আগে টাকা ও স্বর্ণালংকার দিলেও স্বামী ফেরত না আসায় চাপ দিলে লাপাত্তা হয় প্রতারক মাছুম। বিষয়টি ভুক্তভোগী নারী পুলিশ সুপারের কার্যালয়ে জানালে মঙ্গলবার ঈশ্বরগঞ্জের সোহাগী বাজার এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। একই দিন ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
ময়মনসিংহ ডিবির ওসি ফারুক হোসেন বলেন, স্বামীকে ফেরত এনে দেওয়ার কথা বলে ভন্ড পীর প্রতারণার মাধ্যমে নারীর কাছ থেকে ধাপে ধাপে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।