ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

উপজেলা নির্বাচন

বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর ৫ সমর্থককে কুপিয়ে জখম, আ’লীগ কার্যালয় ভাঙচুর

বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর ৫ সমর্থককে কুপিয়ে জখম, আ’লীগ কার্যালয় ভাঙচুর
×

আহত এক জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছবি: সমকাল

পাবনা অফিস

প্রকাশ: ০৪ জুন ২০২৪ | ১৬:৪৯ | আপডেট: ০৪ জুন ২০২৪ | ১৭:৩৪

পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলামের ৫ সমর্থকদের কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে পরাজিত প্রার্থী সাইফুল ইসলাম কামালের বিরুদ্ধে। এ ছাড়াও হামলা চালিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মাসুদ আলম। এর আগে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে আটঘরিয়া বাজার সংলগ্ন ইসারত আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার চাঁদভা ইউনিয়নের কুঠিপাড়ার আব্দুল হাই শেখের ছেলে জিয়াউর রহমান (৪২), পৌর এলাকার বুলবুল ফকির (৪০), রনি (২৬), জাহিদ (৩০), ভোলা (২২)। তাদের মধ্যে গুরুতর আহত জিয়াকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে থেকে রাত সাড়ে ১১টার দিকে নেতা-কর্মীরা বাড়ি ফেরার পথে ইশারত উচ্চ বিদ্যালয় পাশে পৌঁছালে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী মো. সাইফুল ইসলাম কামাল সমর্থক জুয়েল, শাহা আলম ও প্রিন্স এ হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাঁচজনকে আহত করা হয়। পরে তারা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে আসবাবপত্র, টেলিভিশন, বঙ্গবন্ধুর ছবি ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। 

এ বিষয়ে পরাজিত প্রার্থী সাইফুল ইসলাম কামাল বলেন, ‘সব কিছু নাটক। আমার সমর্থকরা এ ঘটনার সঙ্গে কোনভাবেই জড়িত না।’

মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘নির্বাচন পরবর্তীতে আটঘরিয়ার পরিস্থিতি শান্তই ছিল। কিন্তু গতকাল হঠাৎ করে এমন ঘটনা ঘটল। দোষীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আশা করি খুব শিগগিরই দায়ীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’

আরও পড়ুন

×