ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডোবায় মিলল স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ, বন্ধু আটক

ডোবায় মিলল স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ, বন্ধু আটক
×

নিহত ফরহাদ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৪ | ১৮:৪৩

লালমনিরহাটের আদিতমারীতে রুহানীনগর কান্তেশ্বর এলাকার একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় ফরহাদ হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার এক বন্ধুকে (১৪) আটক করেছে পুলিশ। পুরোনো মোটরসাইকেল কেনার টাকা নিয়ে দ্বন্দ্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা তাদের।

নিহত ফরহাদ উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা (শিববাড়ি) গ্রামের শাহাজান মিয়ার ছেলে। একই এলাকার সারপুকুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সে। আটক কিশোর একই ইউনিয়নের অন্য এলাকার বাসিন্দা।

আদিতমারী থানার ওসি মাহামুদ-উন-নবীর ভাষ্য, গত মঙ্গলবার সন্ধ্যা থেকে ফরহাদ নিখোঁজ ছিল। পরে তার বাবা থানায় অভিযোগ দেন। এর ভিত্তিতে এক কিশোরকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা জানায় সে। তার স্বীকারোক্তি অনুসারে বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

দুপুরে আটক কিশোরের দেখিয়ে দেওয়া স্বর্ণামতী নদীর পাশে একটি ডোবা থেকে ফরহাদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে জানায়, দুই বন্ধু মোটরসাইকেলে ঘোরাফেরা করে রাতে কিশোরের বাড়ির পাশে নির্জন স্থানে বসে নেশা করে। এ সময় মোটরসাইকেলের টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দা দিয়ে ফরহাদকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে মরদেহ বস্তায় ভরে ডোবায় ফেলে দেয় সে।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি আটক কিশোরের কাছ থেকে একটি পুরোনো মোটরসাইকেল কিনে নেয় ফরহাদ। এরপর উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এ মোটরসাইকেলের টাকা লেনদেন নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল।

জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ফরহাদকে উদ্ধারে কাজ শুরুর একপর্যায়ে তার কিশোর বন্ধুকে আটক করা হয়। তার তথ্যে লাশ উদ্ধার করা হয়েছে। তারা উভয়েই মাদকসেবী। এ হত্যার পেছনে অন্য কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন

×