ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

পলাশবাড়ী খাদ্যগুদাম

কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকার চাল আত্মসাতের প্রমাণ

কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকার চাল আত্মসাতের প্রমাণ
×

ফাইল ছবি

গাইবান্ধা সংবাদদাতা

প্রকাশ: ০৭ জুন ২০২৪ | ০২:২৫

পলাশবাড়ী উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কোটি টাকার চাল আত্মসাতের প্রমাণ মিলেছে। এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। 

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান জানান, চাল আত্মসাতের ঘটনায় সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক সাকিব রেজওয়ানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি প্রাথমিক তদন্তে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চাল আত্মসাতের প্রমাণ পেয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে সিলেট খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে। 

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ২০ মে জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান পলাশবাড়ী খাদ্যগুদাম পরিদর্শনে যান। গুদামটিতে ৩ হাজার ১৫ টন চাল এবং ২৬৬ টন গম সংরক্ষিত থাকার কথা। কিন্তু গণনা শেষে খাদ্য নিয়ন্ত্রক সেখানে ১৩১ টন চাল ঘাটতি দেখতে পান। এসব চালের সরকারি মূল্য ১ কোটি ২৯ লাখ ৪৩ হাজার ৭৪৫ টাকা। পরদিন ২১ মে সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক সাকিব রেজওয়ানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ৪ জুন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক পলাশবাড়ী থানায় প্রথমে জিডি এবং পরবর্তী সময়ে তা অভিযোগ আকারে দাখিল করেন। 

এ বিষয়ে জানতে অভিযুক্ত খাদ্যগুদাম কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। 

পলাশবাড়ী থানার ওসি কে এম আজমিরুজ্জামান বলেন, ৪ জুন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক থানায় অভিযোগ দিয়েছেন। যেহেতু সরকারি মালপত্র আত্মসাতের বিষয়, এ কারণে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মামলাটি রংপুর দুদকে পাঠানো হয়েছে। 


 

আরও পড়ুন

×