চেক প্রতারণায় সাজাপ্রাপ্ত আ’লীগ নেতা গ্রেপ্তার
ছবি- সংগৃহীত
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৪ | ১৮:৪৩
চেক প্রতারণা মামলায় চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ জামাল উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে বৈলছড়ি ইউনিয়নের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জামাল ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
পুলিশ জানিয়েছে, জামাল উদ্দিনের বিরুদ্ধে ছয় মাসের সাজার রায় দিয়েছিলেন আদালত।
বাঁশখালী থানার একটি সূত্রে জানা গেছে, ঢাকার অর্থঋণ আদালত (নম্বর-৪) সম্প্রতি একটি মামলায় (অর্থজারি মোকদ্দমা নং-১৭৫/২০১৭) অর্থঋণ আদালত আইন ২০০৩-এর ৩৪(১) ধারায় জামাল উদ্দিনের বিরুদ্ধে ছয় মাসের সাজার রায় দেন। পরে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়। এর পরিপ্রেক্ষিতে বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদের নেতৃত্বে শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ওসি বলেন, শনিবার ওই ব্যক্তিকে জেলহাজতে পাঠিয়েছেন।
এদিকে জামালের বিরুদ্ধে নিজ এলাকায় ঘর ভাড়া নিয়ে ভবন দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
ভবন মালিক সৈয়দুল আলমের ভাষ্য, জামাল উদ্দিন ২০১৬ সালে তাঁর ঘর ভাড়া নেন। তিন বছর ভাড়া পরিশোধ করেন। তবে ২০১৯ সাল থেকে ভাড়া দেওয়া বন্ধ করে ভবনটি দখল করে নেন।
