পুলিশ কর্মকর্তার ইয়াবা সেবনের ভিডিও ফাঁস
যশোর অফিস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০৭:২৬ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ | ০৮:২৭
যশোর কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামানের ইয়াবা সেবনের ভিডিও ফাঁস হয়েছে। বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনে ঘুরছে তার ইয়াবা সেবন ও তাস খেলার ভিডিও। পুলিশ সুপার বলছেন, ঘটনা সত্য হলে অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।
এক মিনিট ৯ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে, বাঁশের বেড়ার একটি ঘরে বসে তাস খেলছেন এসআই আমিরসহ তিনজন। এরই ফাঁকে ইয়াবা সেবন করছেন তিনি। ওই আসরে ছিলেন এসআই ইকবাল নামে আরও এক পুলিশ কর্মকর্তা। তিনি আমিরের ঘনিষ্ঠ এবং এক সময় যশোরে কর্মরত ছিলেন।
সূত্র জানায়, ভিডিওতে যে ঘরটি দেখা যাচ্ছে সেটা যশোর উপশহরের কবরস্থানগেট সংলগ্ন পিয়ালের গাড়ি সার্ভিসিংয়ের গ্যারেজ। সেখানে মাঝেমধ্যেই আসর বসান এসআই আমির। বিভিন্ন সময় কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে সেখানে রাতে অবস্থান করেন। এ সময় সেখানে জমে ওঠে ইয়াবা সেবন ও তাসখেলার আসর।
তবে এসআই আমিরুজ্জামান ভিডিওটি তার নয় বলে দাবি করেন। তিনি বলেন, এমন কোনো ভিডিও ফাঁস হওয়ার খবর জানি না। সাংবাদিকদের কাছেই এটা শুনলাম। আসলে বিষয়টি কী তা খোঁজ নিয়ে পরে কথা বলব।
পুলিশ সুপার মঈনুল হক বলেন, পুলিশ কর্মকর্তাদের ইয়াবা সেবনের ভিডিও কিংবা ছবি ফাঁসের কোনো তথ্য আমার কাছে নেই। তবে বিষয়টি খোঁজ নেব। কেউ জড়িত থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- যশোর
- কোতোয়ালি থানা
- ইয়াবা