বগুড়ায় দুদকের ফাঁদ
ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার আনসার কর্মকর্তা
অভিযুক্ত আনিছুর রহমান- সমকাল
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০৮:৫৪
অধীনস্ত কর্মীদের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় বগুড়ায় আনিছুর রহমান নামে আনসার-ভিডিপির এক কর্মকর্তাকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার বিকেলে শহরের মালতিনগর এলাকায় আনসার-ভিডিপি কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ঘুষের ৪৫ হাজার টাকা জব্দ করা হয়।
অভিযুক্ত আনিছুর আনসর-ভিডিপির সদর উপজেলা কার্যালয়ে কর্মরত। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চন্দগাতি গ্রামে। এ ঘটনায় দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে একই দপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামানে দপ্তরে মামলা করেছেন।
মামলার বাদী দুদক কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গ্রেফতার আনিছুর রহমান নানা অজুহাতে তার অধীনস্ত কর্মীদের (যারা সরকারিভাবে শুধু ভাতা পেয়ে থাকেন) কাছ থেকে ঘুষ নেন বলে অভিযোগ রয়েছে। গত ৯ সেপ্টেম্বর আনসার-ভিডিপি কার্যালয়ের উদ্যোগে চারা বিতরণ ও র্যালি কর্মসূচিতে অংশ না নেওয়ার অজুহাতে আনিছুর তার দপ্তরের ওয়ার্ড পর্যায়ের ৬ দল নেতাকে কারণ দর্শানো নোটিশ দেন। এরপর তিনি ওই ছয়জনকে টেলিফোন করে প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দেন। এক পর্যায়ে আনিছুর রহমান কর্মীদের সঙ্গে দর কষাকষি করে প্রতেককে ১০ হাজার টাকা দিতে বলেন। সেই অনুযায়ী কোনো কোনো কর্মী তাকে দাবি অনুযায়ী ১০ হাজার টাকা করে দিয়েও দেন। তবে ওয়ার্ড দলনেতাদের মধ্যে শাকিল আল মামুনসহ দু'জন কর্মী আনিছুর রহমানের দাবি করা ঘুষের বিষয়টি দুদক কার্যালয়ে অবহিত করেন।
দুদক বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক মনিরুজ্জামান জানান, বিষয়টি জানার পর শাকিল আল মামুনসহ দু'জনকে ২০ হাজার টাকাসহ রোববার বিকেলে আনিছুর রহমানের কাছে পাঠানো হয়। দুদকের ৬ কর্মকর্তাও সেখানে ওত পেতে থাকেন। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে আনিছুর রহমান ঘুষের ২০ হাজার টাকা নেওয়ার সময় দুদক কর্মকর্তারা তাকে হাতেনাতে গ্রেফতার করেন। এ সময় তার টেবিলের ড্রয়ার থেকে আগে নেওয়ার ঘুষের আরও ২৫ হাজারসহ মোট ৪৫ হাজার টাকা জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে দুদক কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে পুলিশের মাধ্যমে বগুড়া সদর থানায় পাঠানো হয়।
দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের অপর সহকারী পরিচালক রবীন্দ্রনাথ চাকী জানান, স্থানীয় ও জাতীয় নির্বাচন এবং দূর্গা পূজাসহ বিভিন্ন সময় আনসার-ভিডিপি সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। তারা এ কাজের ভাতা উত্তোলন করতে গেলে আনিছুর রহমান ঘুষ দাবি করতেন।
- বিষয় :
- বগুড়া
- দুদক
- আনসার কর্মকর্তা
- ঘুষ