মাদক কারবারে বাধা, আ.লীগ নেতার ওপর হামলা
প্রতীকী ছবি
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৪ | ০৯:০৮ | আপডেট: ২৪ জুন ২০২৪ | ১১:১২
কিশোরগঞ্জের ইটনায় মাদক কারবারের বিরোধিতা করায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২৩ জুন) উপজেলার মৃগা ইউনিয়নের আজমিরীগঞ্জ-জনতাগঞ্জ বাজারে মঞ্জিল মিয়া নামে ওই নেতার ওপর হামলা চালায় স্থানীয় মাদক কারবারিরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃগা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জিল মিয়া দীর্ঘদিন ধরেই মাদক কারবারিদের বিপক্ষে সরব ছিলেন। এলাকাবাসীর সহযোগিতায় মাদকের চালান পাচারকালে কয়েকজনকে আটক করে পুলিশের হাতেও তুলে দিয়েছেন এর আগে। এ নিয়ে মঞ্জিল মিয়ার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় মাদক ব্যবসায়ীরা। যার জের ধরে চালানো হয় হামলা।
মঞ্জিল মিয়ার বড় ভাই শাহাবুদ্দীন জানান, তার ভাই মাদক কারবারিদের বিপক্ষে অবস্থান নেওয়ায় তাকে হত্যার উদ্দেশ্যে তারই দোকানের সামনে হামলা করে মাদককারবারি স্বাধীন মিয়া, নিজাম মিয়া, দেলোয়ার হোসেন দিলু, জাহাঙ্গীরসহ ১৫ থেকে ২০ জন। মঞ্জিলকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
