ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে স্বাস্থ্যমন্ত্রীর সভায় হট্টগোল

টাঙ্গাইলে স্বাস্থ্যমন্ত্রীর সভায় হট্টগোল
×

টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক ভবন উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০৯:২৪

টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানের ব্যানারে হাসপাতালের অধ্যক্ষের নাম না থাকায় বিক্ষুব্ধ কয়েক চিকিৎসক ওই ব্যানার নামিয়ে ফেলেন। এতে চিকিৎসকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। রোববার সকাল ১১টায় সভা শুরুর কথা থাকলেও হট্টগোলের কারণে চার ঘণ্টা পর বিকেল ৩টায় সভাস্থলে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। এ সময় সভাস্থলের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

সভা সংশ্নিষ্ট একটি সূত্র জানায়, টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক ভবন উদ্বোধনের ব্যানারে অধ্যক্ষের নাম ছিল না। এ ছাড়া কেন্দ্রীয় স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন, টাঙ্গাইল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নামও ক্রমানুযায়ী রাখা হয়নি। এ নিয়ে চিকিৎসকদের একটি গ্রুপ প্রতিবাদ করে। তারা সভার ব্যানার খুলে ফেললে সভাস্থলে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। মন্ত্রী ১১টায় টাঙ্গাইল এসে সার্কিট হাউসে অবস্থান নেন। এ নিয়ে দফায় দফায় চিকিৎসক প্রশাসন ও রাজনৈতিক নেতারা আলোচনায় বসেন। দু'বার করে ব্যানার পরিবর্তন করা হয়। পরে ব্যানারের নামের বিষয়টি সমঝোতা হলে বিকেল ৩টার দিকে সভা শুরু হয়।

একাডেমিক ভবনের তৃতীয় তলার হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসক স্বল্পতা রয়েছে। তাই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। শিগগিরই সাড়ে চার হাজার এবং বাকি সাড়ে পাঁচ হাজার চিকিৎসক আগামী বছর নিয়োগ করা হবে।

তিনি বলেন, জনবল না থাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাচ্ছে না। প্যারামেডিকেল চিকিৎসক ও নার্স নিয়োগ চলমান রয়েছে। এসব নিয়োগ হলে আর সমস্যা থাকবে না।

শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটির সভাপতি সংসদ সদস্য ছানোয়ার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, তানভীর হাসান ছোট মনি, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ নুরুল ইসলাম মিঞা, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।

আরও পড়ুন

×