বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হতে না পেরে...
শিশুদের চলাচলের পথে কাঁটা বিছিয়ে দেওয়া হয়েছে -সমকাল
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯ | ০৭:৪৭ | আপডেট: ০৩ অক্টোবর ২০১৯ | ০৭:৫১
সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হতে না পেরে বিদ্যালয়ের যাতায়াতের রাস্তায় বেড়া ও কাঁটা বিছিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিকল্প পথে বিদ্যালয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।
ঘটনাটি ঘটেছে, জেলার তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের কুশাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
স্থানীয়রা জানায়, সম্প্রতি কুশাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনে ওই গ্রামের আব্দুর রাজ্জাক ও একই গ্রামের খাইরুল ইসলাম সভাপতি পদে প্রার্থী হন। এতে রাজ্জাক ৪ ভোট ও মো. খায়রুল ইসলাম পান ৫ ভোট। মাত্র ১ ভোটের ব্যবধানে পরাজিত হন আব্দুর রাজ্জাক। এতে ক্ষোভে আব্দুর রাজ্জাক বিদ্যালয়ে যাতায়াতের পথে বেড়া দিয়ে কাঁটা বিছিয়ে দেন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাতাব হোসেন বলেন, কুশাবাড়ী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হতে না পেরে আব্দুর রাজ্জাক ক্ষোভে শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তায় বেড়া দিয়েছেন। ফলে শিশুরা বিদ্যালয়ে আসতে পারছে না। নৌকা নিয়ে ঘুরে বিদ্যালয়ে আসতে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি বিভিন্ন দফতরে জানানো হয়েছে।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকতারুজ্জামান বলেন, সম্ভবত বৃহস্পতিবার দুপুরের দিকে শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তা থেকে ওই বেড়া ও বিছানো কাঁটা তুলে নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে থানার এসআই তৈয়ব আলী ঘটনাস্থলে পাঠিয়ে ওই বেড়া তুলে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আব্দুর রাজ্জাক গা ঢাকা দিয়েছেন।
- বিষয় :
- সিরাজগঞ্জ
- পথে কাঁটা বিছানো
