বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই তরুণ নিহত
প্রতীকী ছবি
গাইবান্ধা সংবাদদাতা
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ | ১৬:৩৮
গাইবান্ধায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সাগর মিয়া ও নাইমুর রহমান স্বচ্ছ নামে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর আরোহী সামিউল ইসলাম (২১)। আজ সোমবার (১৫ জুলাই) দুপুরে পলাশবাড়ী উপজেলার এম এ সামাদ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর মিয়া (১৮) পলাশবাড়ী উপজেলার গৃধারীপুরের মন্টু মিয়ার ছেলে। অপর নিহত নাইমুর রহমান (২০) উপজেলার দুবলাগাড়ি গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগর তাঁর দুই বন্ধু সামিউল এবং নাইমুরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে কিশোরগাড়ী ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই সাগর মিয়া মারা যায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অপর দুই আরোহীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাইমুর রহমান স্বচ্ছ মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমিরুজ্জামান।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত দুই
- পলাশবাড়ি
- গাইবান্ধা
