ভালুকায় নিজ ঘরে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯ | ০৭:৪৯
ভালুকা উপজেলার পশ্চিম ঝালপাজা গ্রামের নুন্দিপাড়ার নিজ ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মহসিন শেখ (৫২) নামের এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। নিহত মহসিন শেখ নুন্দিপাড়ার মৃত আইয়ুব আলী শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে মহসিনের গোয়ালঘরে গরু ডাকতে থাকায় প্রতিবেশীরা ওই বাড়িতে যায়। এ সময় বাড়িতে কোনো লোকজন না পেলেও ঘরের খোলা দরজা পায় তারা। এরপর এগিয়ে গিয়ে দেখে খাটের উপরে হাত-পা বাঁধা ও গলায় রুমাল পেঁচানো অবস্থায় মহসিনের লাশ পড়ে আছে। দ্রুত তারা থানায় খবর দিলে পুলিশ দুপুরে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহতের ছোট ভাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রমজান আলী শেখ বলেন, ছেলে-মেয়েদের পড়াশুনার জন্য ভাবী তাদের দুই সন্তান নিয়ে ময়মনসিংহে বাসা ভাড়া করে থাকেন। রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, মহসিন শেখকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যার রহস্য উৎঘাটনের চেষ্টা ও মামলার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- লাশ উদ্ধার
- ভালুকা
