মনিরামপুরে লাশ ও রোগী বহন করছে ‘আমাদের অ্যাম্বুলেন্স’
অ্যাম্বুলেন্স
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪ | ০১:০৭
যশোরের মনিরামপুরে করোনাকালে প্রচুর সংখ্যক রোগীকে বিনামূল্যে সেবা দিয়ে আলোচিত ছিলেন সম্মুখযোদ্ধা ডা. মেহেদী হাসান। এবার মনিরামপুরে তিনি নিজ অর্থায়নে চালু করেছেন বিশেষ অ্যাম্বুলেন্স সেবা, যার নামকরণ করা হয়েছে ‘আমাদের অ্যাম্বুলেন্স’। আপাতত একটি অ্যাম্বুলেন্স দিয়ে বিনামূল্যে লাশ বহন করা হচ্ছে। এ ছাড়া মনিরামপুরের মধ্যে নামমাত্র মূল্যে করা হচ্ছে রোগী বহন। গত এক মাসে বিনামূল্যে লাশ বহন করা হয়েছে পাঁচটি। নামমাত্র মূল্যে সেবা পেয়েছেন ১০৭ রোগী।
করোনা মহামারিকালে প্রায় ২০ হাজার কভিড রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করেন ডা. মেহেদী। স্বল্প সময়ের মধ্যে মানবিক ডাক্তার হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। এই অনবদ্য কাজের স্বীকৃতিস্বরূপ ডা. মেহেদীকে ঢাকা বিভাগীয় কমিশনার অফিস এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া তিনি ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০-এর অধীন শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড লাভ করেন। ডা. মেহেদী বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগে কর্মরত। তিনি যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের আগরহাটি গ্রামের হাজি জবেদ আলীর ছোট ছেলে এবং যশোর-৫ আসনের এমপি এসএম ইয়াকুব আলীর ছোট ভাই।
২৪ ঘণ্টা ‘আমাদের অ্যাম্বুলেন্স’ সেবা দেখভালের দায়িত্বে থাকা মো. শাহ্জালাল বলেন, মনিরামপুর উপজেলার মধ্যে রোগী আনা-নেওয়ার জন্য ফি নির্ধারণ করা হয়েছে মাত্র তিনশ টাকা। মনিরামপুর থেকে যশোরে সাধারণ অ্যাম্বুলেন্সের ভাড়া যেখানে দেড় থেকে দুই হাজার টাকা। কিন্তু আমাদের অ্যাম্বুলেন্সে নেওয়া হয় মাত্র ৬০০ টাকা। কোনো রোগীকে ঢাকায় নিতে অন্য অ্যাম্বুলেন্স নেয় ১৫ থেকে ১৭ হাজার টাকা। আমাদের অ্যাম্বুলেন্সে নেওয়া হয় মাত্র সাত হাজার টাকা। খুলনার জন্য নেওয়া হয় দুই হাজার টাকা। গত এক মাসে এই অ্যাম্বুলেন্স সেবায় ভর্তুকি দিতে হয়েছে ৭০ হাজার টাকা।
এ উদ্যোগ প্রসঙ্গে ডা. মেহেদী বলেন, পারিবারিক অনুপ্রেরণা থেকেই সব সময় মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করছি। আমাদের অ্যাম্বুলেন্স সেবা সাধারণ মানুষের মধ্যে যেভাবে সাড়া ফেলেছে, তাতে অনুপ্রাণিত বোধ করছি। এ সেবার বহরে ফ্রিজিং গাড়িসহ আরও তিনটি অ্যাম্বুলেন্স যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
- বিষয় :
- অ্যাম্বুলেন্স সেবা
