‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে’
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯ | ০৮:০২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত 'আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতার' পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী যে লক্ষ্য স্থির করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী এবং গোয়েন্দা সংস্থার দায়িত্ব হচ্ছে তার সেই নির্দেশনা বাস্তবায়ন করা। আমরা অবশ্যই সেটা অব্যাহত রাখব।
দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান চট্টগ্রামেও চলবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকা একটা বিষয় আর আইনগত ব্যবস্থা নেওয়া আরেকটা বিষয়। তবে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, সেটা বাস্তবায়নে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সেই নির্দেশনা অনুসারে আমরা দায়িত্ব পালন করে যাব।
চট্টগ্রাম নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি হিসেবে প্রধান অতিথির বক্তব্য দেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, নগর পুলিশ কমিশনার মাহাবুবর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক ও চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজিসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
