গায়ে জাতীয় পতাকা জড়িয়ে রাস্তায় বিএনপি নেতা মিনুর স্ত্রী
গায়ে জাতীয় পতাকা জড়িয়ে রাজপথে সালমা শাহাদাৎ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪ | ১৯:৪৪ | আপডেট: ০৩ আগস্ট ২০২৪ | ১৯:৪৪
গায়ে জাতীয় পতাকা জড়িয়ে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর স্ত্রী অধ্যক্ষ সালমা শাহাদাৎ। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে শনিবার বেলা ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টের আরডিএ মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অধ্যক্ষ সালমা শাহাদাৎ গায়ে জাতীয় পতাকা জড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে সমাবেশ করতে নগরীর জিরো পয়েন্টে যান। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে সেখান থেকে সরে যেতে বললে পাশেই নগরীর আরডিএ মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত কথা বলে কর্মসূচি শেষ করেন।
সালমা শাহাদৎ বলেন, ‘সারাদেশে প্রায় আড়াই শতাধিক কোমলমতি মেধাবী শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। আমারও সন্তান রয়েছে। মূলত আমি মা ও অভিভাবক হিসেবে বিবেকের তাড়নায় রাস্তায় দাঁড়িয়েছিলাম। আর যাতে কোনো সন্তানের মায়ের বুক এভাবে খালি না হয় সেই দাবিতেই জিরো পয়েন্টে গিয়েছিলাম।’
তিনি বলেন, ‘গাজীপুরে এক শিক্ষার্থী মারা গেছে যিনি আমার ছেলের বন্ধু। ছেলেটি অত্যন্ত মেধাবী, ড্রোন বানাতো। আরেক ছেলে মুগ্ধ। সে সফল ফ্রিল্যান্সার। এছাড়া অসংখ্য মেধাবীকে পাখির মতো গুলি করা হয়েছে যা চরমভাবে মানবাধিকার লঙ্ঘন। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য যাতে সকল মায়েরা রাস্তায় নেমে এর প্রতিবাদ জানান সেজন্য আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম।’
- বিষয় :
- বিএনপি
- সমাবেশ
- মিজানুর রহমান মিনু
