ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ফরিদপুরে ছাত্রদের তোপে পালালেন সিভিল সার্জন

ফরিদপুরে ছাত্রদের তোপে পালালেন সিভিল সার্জন
×

তোপের মুখে ছুটির কথা বলে কার্যালয় থেকে পালিয়ে যান ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান। ছবি: সংগৃহীত

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ২২:৫৬ | আপডেট: ২৯ আগস্ট ২০২৪ | ২২:৫৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীর তোপের মুখে ছুটির কথা বলে কার্যালয় থেকে পালিয়ে গেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ্ মোহাম্মদ বদরুদ্দোজা টিপুর কাছে দায়িত্ব হস্তান্তর করে পালিয়ে যান তিনি।

এর আগে সকালে কার্যালয়ে গিয়ে ছিদ্দীকুর রহমানের কাছে তাঁর নানা অনিয়ম-দুর্নীতির ব্যাখ্যা চান শিক্ষার্থীরা। এ সময় তারা ফরিদপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. গণেশ কুমার আগরওয়ালা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ ও সিভিল সার্জনের প্রধান সহকারী সরদার জালাল উদ্দীনের পদত্যাগ দাবি করেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ্ মোহাম্মদ বদরুদ্দোজা টিপু বলেন, ‘ছিদ্দীকুর রহমান দুপুরে আমার কাছে দায়িত্ব হস্তান্তর করে ছুটির কথা বলে কার্যালয় ছেড়ে গেছেন। এ সময় সিভিল সার্জন জানান, ঢাকায় একটি প্রশিক্ষণের জন্য তিনি অনির্দিষ্টকালের ছুটি নিয়েছেন। হয়তো ঢাকা থেকে তিনি অন্য কোথাও পোস্টিং নেবেন।’

ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবরার নাদিম ইতু বলেন, আমরা সিভিল সার্জনের কাছে তাঁর সময়ের নানা অনিয়ম-দুর্নীতির ব্যাখ্যা চেয়েছিলাম। তিনি সদুত্তর দিতে পারেননি। সিভিল সার্জনের অধীন তিন কর্মকর্তাকে তাদের অনিয়ম-দুর্নীতির জন্য পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলাম। কিছুই সুরাহা না করে পালিয়েছেন ছিদ্দীকুর রহমান। এ পলায়ন প্রমাণ করে তিনি বড় মাপের দুর্নীতিবাজ। তাঁর বিরুদ্ধে আমরা শিগগির আইনানুগ ব্যবস্থা নেব।


 

আরও পড়ুন

×