‘লন কার্পেট’ ঘাস চাষে বছরে আয় ৬ লাখ টাকা
পতিত জমিতে লন কার্পেট ঘাসের পরিচর্যা করছেন সাইফুল ইসলাম সমকাল
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪ | ০০:১৪
ঢাকায় কাজের জন্য গিয়ে ‘লন কার্পেট’ ঘাস দেখেছিলেন কৃষক সাইফুল ইসলাম। পরে এ ঘাস চাষের চিন্তা মাথায় আসে তাঁর। চাষ পদ্ধতির বিষয়েও খোঁজ নেন। সেখান থেকে বাড়ি ফিরে ভালো মানের জমি ইজারা নেন তিনি। বীজ সংগ্রহ করে আট শতাংশ জমিতে পরীক্ষামূলক চাষ শুরু করেছিলেন জানিয়ে তিনি বলেন, এখন ৭০ শতাংশ জমিতে এ ঘাসের চাষ হচ্ছে। ইতোমধ্যে ঢাকা ও খুলনায় এ ঘাস বিক্রিও হয়েছে।
অফিস বা বাড়ির আঙিনায় সৌন্দর্য বাড়িয়ে তুলতে দিন দিন চাহিদা বাড়ছে ‘লন কার্পেট’ ঘাসের। এ ঘাস বাণিজ্যিকভাবে চাষ করে সফলতা পেয়েছেন অনেকে। এবার পতিত জমিতে বাণিজ্যিকভাবে এ ঘাস চাষ করে ভাগ্য ফিরেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সাইফুল ইসলামের (৪৪)। এর মাধ্যমে এখন বছরে প্রায় ৬ লাখ টাকা আয় করছেন তিনি।
উপজেলার কৈলাটি ইউনিয়নের সেহড়াউন্দ গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম এক সময় কৃষি কাজ করতেন। ২০২০ সালে ঢাকায় কাজের জন্য গিয়ে ‘লন কার্পেট’ ঘাস দেখে চাষের পরিকল্পনা মাথায় আসে তাঁর। সেখান থেকে বাড়ি ফিরে এক লাখ টাকা ঋণ করে পতিত জমিতে পরীক্ষামূলকভাবে ঘাসের চাষ শুরু করেন। এতে সফলতাও পেয়েছেন তিনি। এতে কর্মসংস্থান হয়েছে স্থানীয় কয়েকজন যুবকের। তাদের দৈনিক হাজিরা ৫০০ টাকা। সব মিলিয়ে তাঁর প্রতি মাসে খরচ হয় ৪০ থেকে ৫০ হাজার টাকা।
সাইফুল ইসলামের ভাষ্য, প্রথম দিকে প্রতিবেশীরা তাঁকে পাগল বলেছে। কিন্তু তিনি থেমে যাননি। বর্তমানে তাঁর জমিতে ১৫ থেকে ১৬ জন যুবক কাজ করছেন। এতে তাদের আয়ের সুযোগ হয়েছে। দূর-দূরান্ত থেকে শৌখিন মানুষ এসে ‘লন কার্পেট’ ঘাস কিনে নিয়ে যাচ্ছেন। এ ঘাস প্রতি স্কয়ার ফুট ৮০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি বছর শ্রমিক ও পরিচর্যা খরচ বাদ দিয়ে তাঁর আয় থাকে প্রায় ৬ লাখ টাকা।
ঘাস বিক্রি করা যায় জানা ছিল না স্থানীয় যুবক আবু রায়হানের। তিনি বলেন, পতিত জমিতে এখন ঘাস চাষ হচ্ছে। স্থানীয় লোকজন এখানে কাজ করে আয় করতে পারছেন। দূরে কোথাও যেতে হচ্ছে না।
কলমাকান্দায় এই প্রথম ‘লন কার্পেট’ ঘাস চাষ হয়েছে জানিয়ে কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সাইফুল ইসলামের মতো কেউ যদি এ ঘাস চাষ করতে চান, তাহলে সহযোগিতা করা হবে। এ ঘাস সৌন্দর্যবর্ধনের জন্য শৌখিন মানুষ কেনেন। কম খরচে বেশি লাভ পাওয়া যায়। এ ঘাসের মূল নাম ‘মেক্সিকান-বারমুডা গ্রাস’। দেশে অনেকে কার্পেট ঘাস বলেন। বাড়ি বা অফিসের আঙিনা, বাগান, কবরস্থানে, পাহাড়ে সৌন্দর্যবর্ধনে কাজ করছে এ ঘাস।
- বিষয় :
- চাষের জমি
