ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দূষণ বন্ধ করে পায়রা নদী রক্ষার দাবি

দূষণ বন্ধ করে পায়রা নদী রক্ষার দাবি
×

দূষণ বন্ধ করে পায়রা নদী রক্ষার দাবিতে তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া লঞ্চঘাট এলাকায় মানববন্ধন

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪ | ২০:২৪

দূষণ বন্ধ করে পায়রা নদী রক্ষার দাবিতে বরগুনার তালতলীতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘নদী ও প্লাস্টিক দূষণ বন্ধ কর’ স্লোগানে রোববার সকাল ১০টায় নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া লঞ্চঘাট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। 

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ (বিপিআই) ও পায়রা নদী ইলিশ রক্ষা কমিটি আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন পরিবেশকর্মী ও সাংবাদিক মোস্তাফিজ, খালেদ মাসুদ, শুভসন্ধ্যা সুরক্ষা কমিটির আহ্বায়ক জাহানগীর হাওলাদার, ওয়াটারকিপার্স বাংলাদেশের (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান, ইউপি সদস্য মুনসুর আলী বাবুল, নলবুনিয়া জেলে সমিতির আহ্বায়ক শাহজাহান শেখ, পায়রা নদী রক্ষা কমিটির আহ্বায়ক বাবুল হাওলাদার প্রমুখ। 

বক্তারা বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান কাঁচামাল কয়লা জাহাজে করে উন্মুক্তভাবে পায়রা নদীর ওপর দিয়ে নেওয়া হচ্ছে। এতে মাঝেমধ্যেই নদীতে কয়লা পড়ছে। এতে দূষিত হচ্ছে পানি। কখনোবা জাহাজডুবিতে বর্জ্য মিলিয়ে যাচ্ছে পানির সঙ্গে। এতে নদী দূষণ হচ্ছে মারাত্মকভাবে। কমে যাচ্ছে মাছের প্রজনন। নষ্ট হচ্ছে ইলিশের অভয়াশ্রম। এতে জেলে ও নদী তীরের মানুষ বেকার হয়ে পড়ছে। 

বক্তারা আরও বলেন, পায়রা থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে নদী সংলগ্ন এলাকায় ভাঙনের তীব্রতা বেড়েছে। এসবের জন্য দায়ী দখল ও দূষণ। মানবসৃষ্ট এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে সবাইকে সোচ্চার হতে হবে। 
 

আরও পড়ুন

×