সিডিএ’র ৫ প্রকৌশলীর দায়িত্বে জটিলতা কাটলো
ফাইল ফটো
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪ | ২০:৪৪ | আপডেট: ০২ অক্টোবর ২০২৪ | ২০:৪৪
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) পাঁচ প্রকৌশলীর দায়িত্ব পুননির্ধারণ করা হয়েছে। বুধবার সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম জানান, কয়েকটি পদে দায়িত্ব পালন নিয়ে কিছু জটিলতা ছিল। এখন সমাধান করা হয়েছে।
সিডিএ সচিব রবীন্দ্র চাকমার সই করা অফিস আদেশে বলা হয়, সিডিএ’র বর্তমান প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করবেন। তিনি চট্টগ্রাম সিটি আউটার রিং রোডের প্রকল্প পরিচালকের দায়িত্বে থাকবেন। তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমান সিডিএ’র নির্মাণ বিভাগ-১ ও যান্ত্রিক বিভাগের দায়িত্বের পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এবং অফিস ভবন ও স্টাফ কোয়ার্টারের প্রকল্প পরিচালকের কাজ তদারকি করবেন।
নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনজুর হাসান তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চলতি দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নির্মাণ বিভাগ-২ এবং কালুরঘাট থেকে চাক্তাই পর্যন্ত সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পের পরিচালকের কাজ তদারকি করবেন। আরেক নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চলতি দায়িত্ব পালন করবেন। এর অংশ হিসেবে জলাবদ্ধতা প্রকল্পের কাজ তদারকি করবেন।
সিডিএর নির্বাহী প্রকৌশলী এ জি এম সেলিম তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব পালন করবেন। তিনি সিডিএর চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী সার্বিক কাজ সমন্বয় করবেন। এ ছাড়া ইমারত নির্মাণ কমিটি-১ ও ২ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
- বিষয় :
- চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ
