ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাড়ির চারপাশে আগুন দিয়ে পরিবারের সবাইকে হত্যাচেষ্টা

বাড়ির চারপাশে আগুন দিয়ে পরিবারের সবাইকে হত্যাচেষ্টা
×

আগুনে পুড়ে যাওয়া বাড়ি। ছবি: সমকাল

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪ | ২০:০৬

নওগাঁর আত্রাইয়ে বাড়ির চারপাশে পাটকাঠির বোঝা বেঁধে আগুন দিয়ে একটি পরিবারের সবাইকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।  বুধবার রাতে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের চৌড়বাড়ী গ্রামের শাহাজাহান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানিয়েছেন, আগুন দেওয়ার আগে বাড়ির দরজার বাইরে শিকল লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় অর্ধলাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

শাহাজাহান আলীর ভাষ্য, বুধবার রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির চারপাশে টিনের চালার সঙ্গে ৮-৯টি স্থানে পাটকাঠির বোঝা ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। এর আগে তারা বাড়ির দরজার বাইরে শিকল আটকিয়ে দেয়। 

আগুন জ্বলতে দেখে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে দরজার শিকল খুলে দেন। এ সময় তাদের সহযোগিতায় আগুন নেভানো হয়। তারপরও রান্নাঘরসহ প্রায় অর্ধলাখ টাকার আসবাব পুড়ে গেছে। তাদের সপরিবারে হত্যা করতে পরিকল্পিতভাবে আগুন দিয়েছে বলে অভিযোগ তাঁর।

প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে জানিয়ে শাহাজাহান আলী বলেন, এ ছাড়া আর কারও সঙ্গে তাদের বিরোধ নেই। এর জেরে এমন ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবদ্দীন বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


 

আরও পড়ুন

×