মানুষের চেতনায় এখনও ফ্যাসিজম রয়ে গেছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীদের সঙ্গে প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের মতবিনিময়। ছবি: সমকাল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪ | ০০:১৬ | আপডেট: ২০ অক্টোবর ২০২৪ | ০১:১৮
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘গ্রামের মানুষদের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বিগত সরকার গত ১৫ বছরে অর্থনীতিকে ধ্বংস করে গেছে, আমরা সেই পরিস্থিতি উন্নয়ন করে বাংলাদেশকে একটা যুতসই কাঠামোতে দাঁড় করিয়ে দিতে চাই। এ জন্য সময়ের প্রয়োজন। ১৫ বছরে জঞ্জাল অনেক গভীরে চলে গেছে, মানুষের চিন্তা, চেতনার মধ্যে এখনও ফ্যাসিজম রয়ে গেছে। মানুষের মন থেকে তা দূর করে এ দেশকে জঞ্জালমুক্ত করা আমাদের জন্য অনেক কঠিন চ্যালেঞ্জ, তবে তা অসম্ভব নয়।
পাবনার ঈশ্বরদী উপজেলার হাজারিপাড়ায় প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময়কালে আজ শনিবার সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।
এ সময় ফরিদা আখতার বলেন, একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি। আমরা চেষ্টা করছি জনগণের ভাগ্যোন্নয়নে। তিনি আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সব ক্ষেত্রে সংস্কার করতে কাজ করছে সরকার।
এ সময় পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, উবিনীগের কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সদস্য সীমা দাশ শিমু, ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক আজমিরা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- পাবনা
- মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়
