দুই সমিতির দ্বন্দ্বে পাঁচ দিন বাস চলাচল বন্ধ
ফুলবাড়ীর পার্বতীপুর বাসস্ট্যান্ডে রোববার অলস সময় পার করছেন পরিবহন শ্রমিকরা সমকাল
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ | ২৩:১৭
দিনাজপুর মালিক সমিতির সঙ্গে পার্বতীপুর মালিক সমিতির দ্বন্দ্বে এলাকায় পাঁচ দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। ফুলবাড়ী-পার্বতীপুর-সৈয়দপুর ও ফুলবাড়ী-রংপুর রুটে সরাসরি কোনো বাস চলছে না। এতে ফুলবাড়ী থেকে সৈয়দপুর ও রংপুর যেতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ধর্মঘটের কারণে আয় বন্ধ হয়ে গেছে শতাধিক চালক-শ্রমিকের।
ফুলবাড়ী বাসস্ট্যান্ডের বুকিং মাস্টার মিজানুর রহমানের ভাষ্য, গত ১৮ ডিসেম্বর থেকে দুই মালিক পক্ষের দ্বন্দ্বে ফুলবাড়ী-রংপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী ভোগান্তি তো হচ্ছেই, সঙ্গে বেকার হয়ে গেছেন শ্রমিকরা। কবে চালু হবে, তা বলা যাচ্ছে না। জানা গেছে, দিনাজপুর বাস মালিক সমিতির ১১টি বাস প্রায় ২০ বছর ধরে জেলাসহ পার্বতীপুর-ফুলবাড়ী-নবাবগঞ্জের বিভিন্ন সড়কে চলে। এর মধ্যে পার্বতীপুরের একটি বাস রয়েছে।
পার্বতীপুর বাস মালিক সমিতির দাবি, বড় এলাকাজুড়ে তাদের সীমানা রয়েছে। সে কারণে তাদের আরও ১০টি বাস চলতে দিতে হবে। এ জন্য ইতোমধ্যে পার্বতীপুর ও দিনাজপুর বাস মালিক সমিতিকে চিঠি দেওয়া হয়। সে চিঠির কোনো জবাব না পাওয়ায় পার্বতীপুর মালিক সমিতি বাধ্য হয়ে ধর্মঘট ডেকেছে। এতে ১৮ ডিসেম্বর থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিন ফুলবাড়ীর পার্বতীপুর বাসস্ট্যান্ডে দেখা যায়, সারি সারি অটোরিকশা দাঁড়িয়ে আছে যাত্রীর অপেক্ষায়। বাস বন্ধ থাকায় ফুলবাড়ী থেকে এসব যানবাহনে যেতে হচ্ছে পার্বতীপুর-সৈয়দপুরের দিকে। যাতায়াতে সময় বেশি লাগছে। বাড়তি ভাড়ার গোনার পাশাপাশি ঝুঁকিও বাড়ছে। মালিক পক্ষের দ্বন্দ্বে সাধারণ যাত্রী ও শ্রমিকরা দুর্ভোগে পড়েছেন। ফুলবাড়ী-রংপুর রুটে ফুলবাড়ী থেকে ছেড়ে যাচ্ছে না কোনো বাস। এতে বিপদে পড়েছেন চিকিৎসাসহ বিভিন্ন কাজে রংপুরগামী যাত্রীরা। তারা বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে ফিরে যাচ্ছেন। অলস সময় পার করছেন শ্রমিকরা।
চিকিৎসকের পরামর্শ নিতে রংপুরে যেতে চেয়েছিলেন যাত্রী শাহারা বানু। তিনি বলেন, ‘এখানে এসে শুনছি বাস বন্ধ। অটোরিকশায় যেতে অনেক সময়ের ব্যাপার। আবার আসার সময় রাত হলে অটোরিকশা পাওয়া যাবে কিনা কে জানে?’ আরেক যাত্রী বাদশা মিয়ার ভাষ্য, দেশে হরতাল নেই। তারপরও বাস বন্ধ। এসব চালুর ব্যাপারে কেউ উদ্যোগও নেয় না।
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ফুলবাড়ী শাখার সভাপতি মহসিন আলী সরকার বলেন, দ্বন্দ্বটি মূলত দুই মালিক পক্ষের। ফুলবাড়ী-রংপুর রুটে ১১টি বাসের মধ্যে ১০টি চালুর দাবিতে পার্বতীপুর মালিক সমিতি ধর্মঘট পালন করছে।
পার্বতীপুর মালিক সমিতির সেক্রেটারি ফয়জার রহমান বলেন, ফুলবাড়ী-রংপুর রুটের ৬০ কিলোমিটারের মধ্যে ১৮ কিলোমিটার দিনাজপুরের মধ্যে পড়েছে। এর মধ্যে পার্বতীপুরেরই ১৭ কিলোমিটার। এ রুটে ফুলবাড়ী থেকে ১১টি বাস চলাচল করলেও দিনাজপুর মালিক পক্ষেরই ১০টি। পার্বতীপুরের মাত্র একটি বাস চলতে দেয়। এখন এ বৈষম্য আর চলবে না। সড়ক বেশি হওয়ায় তাদের ১০টি বাস চলতে দিতে হবে।
এ বিষয়ে দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. শাহেদ রিয়াজ বলেন, বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। অন্য পক্ষ যেহেতু নিবন্ধিত নয়, তাহলে তাদের সঙ্গে বৈঠক বা চিঠি দেওয়া হবে না। দু-একদিনের মধ্যে বিষয়টি সমাধান হতে পারে।
এটি দীর্ঘদিনের দ্বন্দ্ব বলে জানান, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল। তাঁর ভাষ্য, প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। সমাধান অচিরেই হয়ে যাবে।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, ‘বাস বন্ধের বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। দুই পক্ষের সঙ্গে কথা বলে দ্রুত বিষয়টি সমাধান করা হবে।’
- বিষয় :
- বাস বন্ধ
