ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

স্বামীর ৪০ মিনিট পরেই স্ত্রীর মৃত্যু

স্বামীর ৪০ মিনিট পরেই স্ত্রীর মৃত্যু
×

সামচুল হক সরদার ও তার স্ত্রী আনোয়ারা বেগম। ছবি-সংগৃহীত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪ | ১৭:৩৬

স্বামীর মৃত্যুর ৪০ মিনিট পর স্ত্রীর মৃত্যু হয়েছে। এমন ঘটনা ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের সরদার বাড়িতে। এ মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, উপজেলা পূর্বসুজনকাঠী গ্রামের মৃত মাজেদ সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা ও আগৈলঝাড়া সদর বাজারের কাপড় ব্যবসায়ী সামচুল হক সরদার (৭৪) দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থাকার পর গতকাল সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে নিজ বাড়িতে মারা যান। তার মৃত্যুতে পরিবারের সকলে কান্নায় ভেঙে পরেন। এসময় সামচুল হক সরদারের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা আনোয়ারা বেগম (৬৭) স্বামীর মৃত্যুর পর চিৎকার করে অচেতন হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান আলম তাকে মৃত ঘোষণা করেন। 

বীর মুক্তিযোদ্ধা সামচুল হক সরদারকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে বাদ আছর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার স্ত্রী আনোয়ারা বেগমকেও পাশাপাশি দাফন করা হবে।

সামচুল হক সরদার ও আনোয়ারা বেগমের ছেলে মো. সাইফুল ইসলাম সরকার (৪২) বলেন, বাবা কিছু দিন ধরে সামান্য অসুস্থ ছিলেন। তবে বাবার সঙ্গে মা'র এমন মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। 

আরও পড়ুন

×