ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নারায়ণগঞ্জে অপহরণের পর হত্যার ঘটনায় নারীসহ গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জে অপহরণের পর হত্যার ঘটনায় নারীসহ গ্রেপ্তার ৫
×

ছবি- সমকাল প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯:২৩

নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটির শীষমহল আমতলা এলাকায় তালাবদ্ধ একটি ঘর থেকে ভ্যানচালক হাবিবুর রহমানের বিকৃত মরদেহ উদ্ধারের ঘটনায় এক নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মুক্তিপণের টাকা না পাওয়ায় অপহরণকারীরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে বলে জানায় পুলিশ। 

ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলাম জানান, গত ২৯ জানুয়ারি পঞ্চবটি শীষমহল আমতলা এলাকার স্বপন সরকারের ভাড়াটিয়া বাসা থেকে হাবিবুর রহমানের (২১) বিকৃত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাবা আজিজুল হক জানান, ২৪ জানুয়ারি রাতে তার ছেলে বাসা থেকে বের হন। রাত ১০টার দিকে অপহরণকারীরা ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হাবিবুরকে হত্যার হুমকি দেয়।

এরপর সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া এলাকার বাসিন্দা কবির ওরফে সগির হোসেন (৩৮), মুন্সিগঞ্জ সদর উপজেলার হাতিমারা এলাকার বাসিন্দা রেহেনা বেগম (২৫), নারায়ণগঞ্জ বন্দর উপজেলার চর ইসলামপুর এলাকার বাসিন্দা আরিফ (২৫) , মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার দানেশপুর এলাকার বাসিন্দা সিদ্দিক (৫২) , পটুয়াখালী সদর উপজেলার হাজীখালা গ্রামের বাসিন্দা নুরুজ্জামান (৩৫)।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ হাসিনুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত দম্পতি কবির ওরফে সগির হোসেন ও রেহেনা বেগম বিভিন্ন স্থানে ভাড়া বাসা নিয়ে পুরুষদের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় করত।

এই ঘটনার ক্ষেত্রেও একই কৌশল অবলম্বন করা হয়। হাবিবুরের পরিচিত এবং গ্রেপ্তারকৃত নুরুজ্জামানের মাধ্যমে রেহেনা তাকে শারীরিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে আনে। এরপর মুক্তিপণের জন্য নির্যাতন করা হয়। হাবিবুর চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে সবাই পালিয়ে যায়।

পুলিশ জানায়, এই চক্র দীর্ঘদিন ধরে একই কৌশলে মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×