মেহেরপুরে ‘সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলিতে’ নিহত ১
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯ | ২১:৩৩ | আপডেট: ০৩ অক্টোবর ২০১৯ | ২১:৩৭
মেহেরপুরে দুই দল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে ইসমাইল হোসেন বাক্কা (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি নিহত ইসমাইলও সন্ত্রাসী।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে জেলার সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের সিরাজুল ইসলামের আম বাগানে এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দু’টি কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইসমাইল হোসেন বাক্কা চুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়ি গ্রামের মোল্লা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে।
মেহেরপুর সদর উপজেলার বারাদী ক্যাম্প ইনচার্য এসআই আব্বাস আলী জানান, সদর উপজেলার নতুন দরবেশপুর এলাকায় গোলাগুলির শব্দ শুনে সেখানে অভিযানে যায় পুলিশ। পরে একটি আমবাগানে গুলিবিদ্ধ অবস্থায় বাক্কাকে পড়ে থাকতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দু’টি কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, ঘটনাস্থলে এলাকাবাসী বাক্কার পরিচয় নিশ্চিত করে তিনি সন্ত্রাসী বলে জানায়। সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।
- বিষয় :
- মেহেরপুর
- বন্দুকযুদ্ধ
