পাবনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ: ১০ নেতাকর্মী বহিষ্কার
ফাইল ছবি
পাবনা অফিস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫ | ১৫:৪৬
পাবনার সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন- সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ, সুজানগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সদস্য কামাল শেখ, সুজানগর পৌর সভার ৬ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি রুহুল খাঁ, বিএনপি নেতা লেবু খাঁ, পৌর যুবদলের সদস্য মানিক খাঁ, যুবদল নেতা মসজেদ শেখ, যুবদল কর্মী হালিম শেখ, উপজেলা ছাত্রদল নেতা শেখ কাউসার ও সুজানগর এনএ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল খাঁ। তাদের সবাইকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, এক নারীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার ঘটনাকে কেন্দ্র গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের গ্রুপের সমর্থকরা সুজানগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খানের গ্রুপের সমর্থক সবুজ খানকে ছুরিকাঘাত করে। এ ঘটনার জের ধরে ওইদিন দুপুর আড়াইটার দিকে পৌর বাজারের নন্দিতা সিনেমা হল রোডে উভয় গ্রুপ তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধসহ উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়। সংঘর্ষে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, ককটেল ও লাঠিসোটা ব্যবহার করা হয়। এ ঘটনায় পুরো উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করায় জনমনে আতঙ্ক দেখা দেয়।
- বিষয় :
- পাবনা
- সুজানগর
- বিএনপি
- দুই পক্ষের সংঘর্ষ
