ভাণ্ডারিয়ায় ১৬ বছর পর বিএনপির কমিটি
ছবি: সংগৃহীত
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ: ১২ জুলাই ২০২৫ | ১০:৫১
১৬ বছর পর পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সম্মেলন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ভাণ্ডারিয়া পৌরসভা অডিটোরিয়ামে সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন সভাপতি ও সাবেক সদস্য সচিব মো. মনির হোসেন আকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দারকে এক নম্বর সাংগঠনিক সম্পাদক ও মো. রুহুল আমিন মুন্সীকে দুই নম্বর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। মো. দেলোয়ার হোসেন বিপ্লব হয়েছেন এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সহসম্পাদক এবং পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নুরুল ঈমান বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট খায়রুল বাসার শামীম ও শেখ হাসানুল কবির লীন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন।
- বিষয় :
- ভাণ্ডারিয়া
- পিরোজপুর
