বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে শিক্ষা কর্মকর্তার সঙ্গে আ’লীগ নেতার হাতাহাতি
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯ | ০৩:৩৯
ফেনীর সোনাগাজীতে প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির হাতাহাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার মজলিশপুর ইউনিয়নের চরমজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে রাতে উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, গত সপ্তাহে বিদ্যালয়টিতে চারজন অভিভাবক প্রতিনিধি মনোনীত করেন প্রধান শিক্ষক আসম মাসুদ। কাউকে না জানিয়ে গোপনে অনিয়ম করে অভিভাবক প্রতিনিধি মনোনীত করা হয়েছে এমন অভিযোগ এনে মজলিশপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বিদ্যালয়টির বিদ্যাৎসাহী সদস্য নুরনবী মাস্টার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। বৃহস্পতিবার সেই অভিযোগের তদন্তকালে কমিটি গঠনের উদ্যোগ নিলে শিক্ষা কর্মকর্তার সঙ্গে আওয়ামী লীগ নেতার হাতাহাতি হয়।
শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান জানান, তদন্তকালে আওয়ামী লীগ নেতার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এসময় উপস্থিত অভিভাবক প্রতিনিধি, শিক্ষার্থীদের অভিভাবকসহ দাতা সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করার উদ্যোগ নিলে আওয়ামী লীগ নেতা তার হাত থেকে কাগজপত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা নুরনবী মাস্টার তার হাতে আঘাত করেন। সবার মতামতের ভিত্তিতে নজরুল ইসলাম সুমনকে সভাপতি ঘোষণার পর নুরনবী মাস্টার আবারও উত্তেজিত হয়ে দেখে নিবেন বলে হুমকি দিয়ে চলে যান।
অভিযোগ অস্বীকার আওয়ামী লীগ নেতা নুরনবী মাস্টার বলেন, প্রথমে অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে, তারপর শিক্ষা কর্মকর্তা কমিটি গঠনের উদ্যোগ নেবেন। কিন্ত তিনি নিয়ম না মেনে স্থানীয় একটি চক্রের প্ররোচনায় জনৈক সভাপতি প্রার্থীর কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করে কমিটি গঠনের উদ্যোগ নিলে আমি প্রতিবাদ করি। এখন নিজের অপরাধ আড়াল করতে শিক্ষা কর্মকর্তা ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা করছেন।
- বিষয় :
- ফেনী
- আওয়ামী লীগ নেতা
- সোনাগাজী
- হাতাহাতি
