কালিয়াকৈরে রেললাইনের ওপর বিকল মালবোঝাই ট্রাক, উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ
ঠিক রেললাইনের ওপর আটকে যায় মালবোঝাই ট্রাক। ছবি: সমকাল
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ | ১৪:৪১ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ | ১৫:২০
গাজীপুরের কালিয়াকৈরে রেললাইন অতিক্রম করার সময় মালবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়েছে। এতে ট্রাকটি রেললাইনের ওপর আটকে যায়। এ ঘটনায় প্রায় তিন ঘণ্টা উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভুঙ্গাবাড়ি (হোনাখালি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রাজশাহী, দিনাজপুর, বগুড়া ও রংপুরগামী ট্রেন চলাচলে স্থবিরতা দেখা দেয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পরে রেলওয়ে কর্তৃপক্ষ, থানা পুলিশ, ট্রাফিক পুলিশ যৌথ প্রচেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর হাইটেক পার্ক রেলস্টেশন কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, ভোর সাড়ে তিনটার দিকে একটি ট্রাক গর্তে ফেঁসে যায় ভোর পাঁচটার দিকে সেটা উদ্ধার করা। ফের একই সাথে সকাল আটটার পর আরেকটি ট্রাক ফেঁসে যায়। পরে জেলা পুলিশের রেকারের মাধ্যমে সকাল পৌনে ১১টার দিকে চাকরি উদ্ধার করে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই ক্রসিংয়ের দুই পাশেই অনেকগুলো খানাখন্দ। কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি। কিন্তু তারা কোনো উদ্যোগ নেয়নি।
এ বিষয়ে কালিয়াকৈর থানার (ওসি) তদন্ত যোবায়ের আহমেদ বলেন, সকালে একটি ট্রাক রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা গ্রহণ করি।
- বিষয় :
- কালিয়াকৈর
- গাজীপুর
- রেল যোগাযোগ বন্ধ
- উত্তরাঞ্চল
