সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার সার্ভার ডাউন: দুর্ভোগে ৩৫ হাজার গ্রাহক
ছবি: সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ | ১৯:৩৭
সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে চরম ভোগান্তিতে পড়েছেন ৩৫ হাজার হাজার গ্রাহক। সার্ভার ডাউনের কারণে মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমেই রিচার্জ করতে পারছেন না তারা।
গতকাল রোববার থেকে এ ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। বিদ্যুৎ রিচার্জ না করতে পেরে আজ সোমবার সকাল থেকে উপশহরের অফিসে অভিযোগ দিতে শুরু করেন গ্রাহকরা। বিকেল সাড়ে তিনটার দিকে পরিস্থিতি স্বাভাবিকের আশ্বাস দিলে গ্রাহকরা সেখান থেকে চলে যান।
গ্রাহকরা অভিযোগ করেছেন, বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে তারা নতুন মিটার স্থাপনের পরামর্শ দিচ্ছেন। আবার বলছেন সার্ভারের কারণে সমস্যা হচ্ছে।
জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন ৩৫ হাজার গ্রাহক রয়েছেন। এরমধ্যে উপশহর এলাকার গ্রাহকের সংখ্যাই বেশি। গত শনিবার অনেক গ্রাহক রিচার্জ করতে পারেননি। গতকাল রোববার থেকে কেউই রিচার্জ করতে না পারায় আজ সোমবার অফিসে জড়ো হন গ্রাহকরা।
উপশহর এলাকার বাসিন্দা গ্রাহক আজিজুল হক চৌধুরী সমকালকে জানান, গতকাল থেকে মিটার রিচার্জ করতে না পারায় পুরো উপশহর এলাকায় হযবরল অবস্থা। বিশেষ করে গ্রাহকরা পানি না থাকায় চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। বিদ্যুৎ অফিসে গেলে বলে নতুন মিটার লাগাতে হবে জানানো হয়। অথচ সার্ভার ডাউনের বিষয়টি তারা বলতে পারেননি।
সিলেট বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির সমকালকে জানিয়েছেন, বিষয়টি সমাধান করা হয়েছে। চারটার মধ্যেই গ্রাহকরা রিচার্জ করতে পারবেন।
- বিষয় :
- প্রিপেইড মিটার
- বিদ্যুৎ সংকট
- সিলেট
