ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিদ্যুৎস্পর্শ স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

বিদ্যুৎস্পর্শ স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও
×

স্বজনদের আহাজারি

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ | ২১:৪৭

পাশের বাড়ি থেকে আসা একটি ছেঁড়া বৈদ্যুতিক তার বাইসাইকেলে জড়িয়ে ছিল। বিষয়টি খেয়াল না করে সেই বাইসাইকেল নিতে গিয়ে বিদ্যুতায়িত হন রাজমিস্ত্রি গোলাম কিবরিয়া (৫৫)। চিৎকার শুনে তাঁর স্ত্রী রিনা খাতুন (৪৮) ছুটে এসে তাঁকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এতে দু’জনই অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সোমবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। মৃত গোলাম কিবরিয়া ও রিনা খাতুনের তিনটি শিশুকন্যা রয়েছে।

স্থানীয়রা জানান, গোলাম কিবরিয়াকে বিদ্যুতায়িত হতে দেখে রিনা ছুটে যান। স্বামীকে টেনে সরানোর সময় তিনিও বিদ্যুতায়িত হন। এ সময় তাদের ছোট মেয়ে চিৎকার দিয়ে আশপাশের লোকজনকে জানায়। কয়েকজন ছুটে গিয়ে গোলাম কিবরিয়া ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চৌগাছা গ্রামের আবুল কাশেম বলেন, ‘কিবরিয়া রাজমিস্ত্রির কাজ করত। কষ্ট করে মেয়েদের বড় করছিল। এখন তিনটা ছোট মেয়ে এতিম হয়ে গেল!’ 

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।

আরও পড়ুন

×