ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খুলনায় ট্রেন-ট্রাকের সংঘর্ষে একজন নিহত

খুলনায় ট্রেন-ট্রাকের সংঘর্ষে একজন নিহত
×

ছবি: সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ | ২২:৫৫

খুলনা নগরীর আফিলগেট এলাকায় ট্রেন এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকেই।

সোমবার রাত পৌনে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৮ জনকে (রাত সাড়ে ৯টা পর্যন্ত) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, দুর্ঘটনার সময় ট্রেনের বগিতে অনেক যাত্রী ছিল। সবাই কমবেশি আহত হয়েছেন। এর মধ্যে একজন মারা যান। তার পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিগন্যাল অমান্য করে একটি মালবাহী ট্রাক আফিলগেট রেল ক্রসিংয়ের উপর উঠে গেলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বিপরীত দিক থেকে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে খালাসির ঘরের উপর গিয়ে পড়ে। সংঘর্ষে ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ও প্রথম বগির বাঁপাশ ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনে থাকা আহত যাত্রীদের আশপাশের ক্লিনিক ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে। রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রার অপেক্ষায় থাকা সুন্দরবন এক্সপ্রেস স্টেশনে অপেক্ষা করছে।

আরও পড়ুন

×