ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খুলনায় মদ্যপানে আরও দু’জনের মৃত্যু

খুলনায় মদ্যপানে আরও দু’জনের মৃত্যু
×

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ২০ জুলাই ২০২৫ | ১৯:৪৩

খুলনায় মদ্যপানে অসুস্থ হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবার রাতে একজন এবং শনিবার মধ্যরাতে আরেকজন মারা যান। 

মৃতরা হলেন– ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামের রবিউল গাজী (৩৭) ও রাসেল সরদার (৩৫)। 

এর আগে খুলনা নগরে মদ্যপানে অসুস্থ হয়ে পাঁচজনের মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় শুক্র ও শনিবার মিলিয়ে মদ্যপানে সাতজনের মৃত্যু হলো।

ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, শুক্রবার রাতে রবিউল ও রাসেল থুকড়া বাজারে অ্যালকোহল জাতীয় কিছু পান করেন। পরে রাতেই রবিউলের অবস্থা খারাপ হলে তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালেই শুক্রবার রাতে রবিউল মারা যান। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ দেওয়া হয়েছে। অন্যদিকে রাসেলও একই ধরনের পানীয় পানের পর শনিবার বিকেলে অসুস্থ হয়ে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানেই রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের নথিতে ‘অজ্ঞাত বিষক্রিয়ায় মৃত্যু’ হয়েছে বলে উল্লেখ রয়েছে। ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এর আগে মদ্যপানে মৃত পাঁচজন হলেন– খুলনা নগের রায়ের মহল মল্লিকবাড়ির বাসিন্দা সাজ্জাদ মল্লিক, বয়রা শেরের বাজার মোড়ের বাসিন্দা বাবু, বয়রা মধ্যপাড়ার বাসিন্দা সাবু, বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস ও পাবলিক কলেজের পেছনের সড়কের বাসিন্দা তোতা। 

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার আবু তারেক জানান, এ ঘটনায় মদ তৈরি ও বিক্রির অভিযোগে শনিবার রাত ১টার দিকে নগরীর আড়ংঘাটানা থানা এলাকা থেকে হোমিও চিকিৎসক শেখ মোসলেম আলীকে আটক করে পুলিশ। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন মোসলেম।

আরও পড়ুন

×