ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিমান দুর্ঘটনায় সরকারের ভূমিকা গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি

ছাত্রফ্রন্টের সমাবেশে বক্তারা 

বিমান দুর্ঘটনায় সরকারের ভূমিকা গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি
×

জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে চট্টগ্রামে ছাত্রফ্রন্টের আলোকচিত্র প্রদর্শনী ও সমাবেশ

চট্টগ্রাম ব্যুরো 

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ | ২২:৪৯

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা প্রকাশসহ শিক্ষার্থীদের দাবিগুলো পূরণের আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার নেতারা। বুধবার নগরীর রেলওয়ে স্কুলে জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও সমাবেশে তারা এ আহ্বান জানান। এ সময় নেতারা বিমান দুর্ঘটনায় সরকারের ভূমিকা গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি বলে মন্তব্য করেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ এ অনুষ্ঠানের আয়োজন করে। 

বক্তারা বলেন, বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান ঢাকা মহানগরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণের ঘটনা গভীর উদ্বেগ তৈরি করে। এ বিষয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন। একই সঙ্গে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

তারা আরও বলেন, যে আকাঙ্ক্ষা ও বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে এদেশের ছাত্র-জনতা প্রাণ দিয়েছে, সেই স্বপ্ন ভূলুণ্ঠিত হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার যে গণহত্যা চালিয়েছিল, তার বিচার এখনও দৃশ্যমান হয়নি। আহতদের সুচিকিৎসাও নিশ্চিত করেনি সরকার। অবিলম্বে এগুলো বাস্তবায়নের উদ্যোগ নিতে সরকারের কাছে আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, স্কুলবিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণী, ইফতি আশরাফ, শারমিতা ইশরাত প্রমুখ।
এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাকে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ উল্লেখ করে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। 

আরও পড়ুন

×