সংস্কার ও বিচারের পরে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে: চরমোনাই পীর
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ | ১৮:৫৬
চাঁদাবাজি-টেন্ডারবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির নির্বাচন ব্যবস্থার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
তিনি বলেন, সংস্কার ও আওয়ামী ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচারের পরে হবে জাতীয় নির্বাচন। আর সেটি অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে।
বৃহস্পতিবার পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা শাখার সমাবেশে এসব কথা বলেন চরমোনাই পীর।
তিনি বলেন, ‘বিগত ৫৩ বছর যারা ক্ষমতায় এসেছে, তারা শুধু জনগণকে ধোঁকা দিয়েছে। এখন মানুষ চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, গুম-খুন, স্বৈরাচার, ফ্যাসিস্টমুক্ত দেশ চায়। এ দেশে আর কাউকে স্বৈরাচার, ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না।’
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় চালুর বিরোধিতা করে রেজাউল করীম বলেন, ‘বিশ্বের যেখানে মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত উদ্বেগ রয়েছে, সেখানে জাতিসংঘকে খুঁজে পাওয়া যায় না। অথচ বাংলাদেশে মানবাধিকার রক্ষার জন্য কার্যালয় খোলা হচ্ছে। বাংলাদেশে এ ধরনের কোনো কার্যালয়ের প্রয়োজন নেই। এটি সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বরদাশত করা হবে না।’
ইসলামী আন্দোলনের পিরোজপুর জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, জেলা শাখার সিনিয়র সহসভাপতি নজরুল আহসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের পিরোজপুর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম প্রমুখ।
- বিষয় :
- চরমোনাইয়ের পীর
- পিরোজপুর
