ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

হৃদয়ের লাশ খুঁজতে এক বছর পর তুরাগে ডুবুরি দল

হৃদয়ের লাশ খুঁজতে এক বছর পর তুরাগে ডুবুরি দল
×

গাজীপুর মহানগরীর কড্ডা ব্রিজ এলাকায় তুরাগ নদে ডুবুরি দলের অভিযান

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫ | ১২:৪৭

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে গত বছর ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত হন কলেজছাত্র হৃদয়। তাঁর মরদেহ উদ্ধারের জন্য বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর কড্ডা ব্রিজ এলাকায় তুরাগ নদে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের আলমনগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি হেমনগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন। 

লেখাপড়ার পাশাপাশি পরিবারকে আর্থিক সহায়তা দিতে হৃদয় কোনাবাড়ী এলাকায় অটোরিকশা চালাতেন। বৃহস্পতিবার সকাল ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপস্থিতিতে তাঁর মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ট্রাইব্যুনাল মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মাসুদ পারভেজ। উদ্ধার কার্যক্রম চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে কোনো লাশ পাওয়া যায়নি। 

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, ডুবুরি দলের উদ্ধার কাজ সকালে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলে। মরদেহ না পাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়েছে। 

সম্প্রতি আকরাম হোসেন নামে পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুর শিল্প পুলিশে কর্মরত ছিলেন। এ ঘটনায় আব্দুর রহিম নামের আরেকজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হৃদয়কে ঘটনার দিন রাতে কড্ডা এলাকার তুরাগ নদে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন। 

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট হৃদয় কোনাবাড়ী মেট্রো থানার পাশের সড়কে সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি দেখে হৃদয় রাস্তার পাশে অবস্থান নেন। সেখানে দায়িত্ব পালন করছিলেন শিল্প পুলিশের কিছু সদস্য। তারা হৃদয়কে রাস্তার পাশ থেকে ধরে নিয়ে মারধর ও পরে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় হৃদয়ের ফুফাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে কোনোবাড়ী থানায় হত্যা মামলা করেন। 

এ ঘটনায় ২৬ আগস্ট মামলায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে হুকুমের আসামি ও অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন

×