ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুবিতে র‍্যাগিংয়ের ঘটনায় বহিষ্কৃত ১২ শিক্ষার্থীর শাস্তি সাময়িক স্থগিত

কুবিতে র‍্যাগিংয়ের ঘটনায় বহিষ্কৃত ১২ শিক্ষার্থীর শাস্তি সাময়িক স্থগিত
×

ফাইল ছবি। সংগৃহীত

কুবি সংবাদদাতা

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫ | ১৬:৪৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের র‍্যাগিংয়ের অভিযোগে বহিষ্কৃত ১২ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ সাময়িকভাবে স্থগিত করেছে সিন্ডিকেট। তবে ভবিষ্যতে তারা কোনো অপরাধে জড়িত হলে পূর্বের শাস্তি তাৎক্ষণিকভাবে পুনরায় কার্যকর হবে। 

বৃহস্পতিবার ১০৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন একজন সিন্ডিকেট সদস্য। 

তিনি বলেন, বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে ভবিষ্যতে এমন কোনো অপরাধ না করার মুচলেকা নেওয়া হয়েছে। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে কোনো ধরনের অসদাচরণ বা অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে পূর্বের শাস্তি পূর্ণরূপে কার্যকর হবে।

অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সিন্ডিকেট সভায়। ফলে তারা বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক সুবিধা আর পাবেন না।

রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এখনো কিছু কাজ বাকি রয়েছে। বহিষ্কার স্থগিতের বিষয়ে রোববার আমরা চিঠি ইস্যু করব।

প্রসঙ্গত, সম্প্রতি কুবির নৃবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে একাধিক র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই বিভাগের ১২ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল।

আরও পড়ুন

×