নন্দীগ্রামে কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
.
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫ | ১৫:৩৩ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ | ১৫:৫৮
বগুড়ার নন্দীগ্রামে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কুন্দারহাট এলাকার বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত তিন জন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার কাথম দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে অটোরিকশার চালক আরাফাত হোসেন (২২) ও বিশা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী হাওয়া বেগম (৪৫)।
স্থানীয়রা ও পুলিশ জানায়, অটোরিকশায় যাত্রী নিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন আরাফাত। কুন্দারহাট বাজার এলাকায় পৌঁছালে সড়কের মাঝে দাঁড়িয়ে থাকা একটি অটোভ্যানের পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আরাফাত হোসেন ও যাত্রী হাওয়া বেগম নিহত হন। এ ঘটনায় আহত তিন জনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত সমকালকে বলেন, কাভার্ড ভ্যান ও অটিরিকশাটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
- বিষয় :
- বগুড়া
- নন্দীগ্রাম
- সড়ক দুর্ঘটনা
- দুর্ঘটনা
- নিহত
