ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পাটকলের গুদাম পুড়ে ১০ কোটির ক্ষয়ক্ষতি

পাটকলের গুদাম পুড়ে ১০ কোটির ক্ষয়ক্ষতি
×

ভেড়ামারার আল আমিন জুট মিলসের গুদামে পুড়ে যাওয়া পাট রক্ষার চেষ্টায় শ্রমিকরা সমকাল

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫ | ০০:০৩

ভয়াবহ আগুনে কুষ্টিয়ার ভেড়ামারার একটি পাটকলের গুদাম পুড়ে গেছে। রোববার রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাহিচর ইউনিয়নের বারোমাইল এলাকায় অবস্থিত আল আমিন জুট মিলস লিমিটেডে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোররাত পৌনে ৪টার দিকে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে। তবে গতকাল সোমবার দুপুরেও সেখানে থেমে থেমে আগুন জ্বলছিল। 
কারখানাটির অবস্থান কুষ্টিয়া-পাবনা মহাসড়কের পাশে। জায়গাটি ভেড়ামারা সদর থেকে আড়াই কিলোমিটার দূরে। সোমবার সকাল ১০টার দিকে সেখানে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কারখানার শ্রমিকদেরও আগুন নেভাতে কাজ করতে দেখা গেছে। এখানে-ওখানে থেমে থেমে জ্বলছিল আগুন। 
পাটকলের সহকারী পরিচালক মো. সাদিকুর রহমানের ভাষ্য, রোববার রাত ১১টা ৪৫ মিনিটে হঠাৎ করেই কারখানার প্রোডাকশন ফ্লোরের পাশের গুদামে আগুন ধরে যায়। তাদের ধারণা, প্রোডাকশন ফ্লোর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তেই পুড়ে যায় বাছাই করা পাট ও কাঁচামাল। এ ছাড়া যন্ত্রপাতি ও রপ্তানির জন্য প্রস্তুত পণ্যও পুড়েছে।
এই কর্মকর্তা জানিয়েছেন, আগুনে ১২টি র‍্যাপিয়ার তাঁত মেশিন, ১৮টি ট্র্যাডিশনাল বাংলা তাঁত মেশিন, একটি করে কফ ও বিম মেশিন পুড়ে গেছে। রপ্তানির জন্য প্রস্তুত ২১১ টন চট, সুতা ও বস্তা এবং ৭২৬ টন প্রস্তুত পাট পুড়ে যায়। পুড়ে যাওয়া পাটের কিছু অংশ ব্যবহার করা যেতে পারে।
অগ্নিকাণ্ডের ভয়াবহতায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। এমন তথ্য জানিয়ে নির্বাহী পরিচালক মো. আল আমিন দুপুর ২টার দিকে বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা বলে ধারণা করছি। এখনও থেমে থেমে আগুন জ্বলছে। ১৪ ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে যাচ্ছেন।’
ভেড়ামারা থানার ওসি মো. আবদুল রব তালুকদার বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে তিনি সেখানে যান। দুর্ঘটনাস্থলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শরিফুল ইসলাম সোমবার রাতে বলেন, রোববার রাত ১২টা থেকে তাদের সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় ভোররাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে মাঝেমধ্যে আগুন জ্বলছে বলে তাদের দল কাজ করে যাচ্ছে। পুরো নেভানো শেষে তদন্ত করবেন।

আরও পড়ুন

×