ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুবির হল থেকে গাঁজা ও গুলির খোসা উদ্ধার

কুবির হল থেকে গাঁজা ও গুলির খোসা উদ্ধার
×

উদ্ধার হওয়া গুলির খোসা

কুবি সংবাদদাতা

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫ | ১৯:৫৭ | আপডেট: ২৯ জুলাই ২০২৫ | ২০:০৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের ৩০৭ নম্বর কক্ষ থেকে গাঁজা ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে ওই কক্ষের একটি টেবিলের ড্রয়ার থেকে গাঁজা উদ্ধার হয়। এর আগে রাত সাড়ে ১১টার দিকে একই কক্ষে অবস্থানরত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন– কাজী নজরুল ইসলাম হলের ৩০৭ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী রবিউল আওয়াল রবিন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী সবুজ মিঞা। তারা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যজন হলেন মাদক গ্রহণের অভিযোগে বহিষ্কৃত ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদ উদ্দিন আহমেদ আনাছ।

জানা গেছে, মাদকাসক্ত শিক্ষার্থী থাকার অভিযোগে সোমবার রাতে হলে অভিযান চালানোর সময় তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন প্রাধ্যক্ষ। পরে তাদের ডোপ টেস্টের জন্য পাঠানো হয়। তবে তাদের কক্ষে আরও মাদকদ্রব্য থাকতে পারে– এমন সন্দেহে ফের তল্লাশি চালানো হয়। এ সময় ওই কক্ষের একটি টেবিলের ড্রয়ার থেকে গাঁজা ও গুলির খোসা উদ্ধার করা হয়।

অভিযুক্ত রবিন বলেন, ‘আমরা মাদকের সঙ্গে যুক্ত নই। আমাদের আগামী ৬ তারিখ সেমিস্টার পরীক্ষা থাকায় বন্ধুকে নিয়ে পড়াশোনা ও আড্ডা দিচ্ছিলাম।’ কক্ষে মাদক পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের যখন ডোপ টেস্ট করাতে পাঠানো হয়, তখন অন্য কেউ তা রেখে যেতে পারে।’

তবে বিষয়টি নিয়ে প্রত্যক্ষদর্শী ও প্রাধ্যক্ষ বলেছেন ভিন্ন কথা। প্রাধ্যক্ষের মতে, তিনি সন্দেহের বশে ওই কক্ষে নিজে প্রবেশ করেন এবং তল্লাশি করে গাঁজা পান। 

প্রাধ্যক্ষ মো. হারুন বলেন, ‘প্রথমবার তাদের কাছে সরাসরি মাদক পাইনি। তবে তাদের আচরণে বিভিন্ন অসংলগ্নতা দেখা যায়। পরে তাদের কক্ষে তল্লাশি করলে গাঁজা পাওয়া যায়।’

অভিযুক্ত শিক্ষার্থীদের বিষয়ে হল প্রশাসনের অবস্থান সম্পর্কে জানতে চাইলে প্রাধ্যক্ষ বলেন, ‘বর্তমানে আমরা তাদের কক্ষটি তালা মেরে দিয়েছি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে। শৃঙ্খলা বোর্ড ব্যবস্থা নেবে।’

আরও পড়ুন

×