ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়

নির্মাণাধীন হলের ছাদ ধস: ইউজিসির তদন্ত কমিটি

নির্মাণাধীন হলের ছাদ ধস: ইউজিসির তদন্ত কমিটি
×

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫ | ১৭:০৯ | আপডেট: ০১ আগস্ট ২০২৫ | ১৭:৪৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন একটি ১০ তলা ছাত্র হলের ছাদ ধসে ১১ জন শ্রমিক আহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

শুক্রবার ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়াকে আহ্বায়ক করে ৪ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের পাশে নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত শ্রমিকদের মধ্যে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ইউজিসির পক্ষ থেকে গঠিত এই কমিটিকে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান দুঃখপ্রকাশ করেছেন।

তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া বলেন- কমিটিতে সিভিল, ইলেকট্রিক্যাল ও আর্কিটেক্ট বিভাগের উচ্চ পর্যায়ের সদস্যরা রয়েছেন। আমরা রোববার বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্র হলটি পরিদর্শন করব।

তিনি আরও জানান, এই ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। একটি বিশ্ববিদ্যালয় গাফিলতির মাধ্যমে কোনো কাজ চলতে পারে না। এখন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। ভবন নির্মাণের ক্ষেত্রে উন্নতমানের টেকনোলজি এবং মেটারিয়াল ব্যবহারের সুযোগ আছে। এক্ষেত্রে ঠিকাদার এবং প্রকৌশলীরা যদি কোনো কারচুপির আশ্রয় নিয়ে থাকে তাহলে তদন্ত কমিটির মাধ্যমে কঠোর ব্যবস্থার সুপারিশ করা হবে।

আরও পড়ুন

×