বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫ | ২১:৩১
চট্টগ্রামের লোহাগাড়ায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় মোহাম্মদ ইলিয়াস ওরফে মাত্তুল ইলিয়াস নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার চুনতি ইউনিয়নের হাদুর পাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইলিয়াস চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আইয়ুবের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ইলিয়াস একাধিক ফৌজদারি মামলার আসামি। বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ২ মামলার এজাহারনামীয় আসামি তিনি।
স্থানীয়দের ভাষ্য, ইলিয়াস একজন প্রতারক। সে নিজেকে কখনও সাংবাদিক, কখনও মানবাধিকারকর্মী, কখনও আইনজীবীর সহকারী, কখনও মন্ত্রীর পিএস পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত ছিল। আওয়ামী লীগ নেতাসহ নানা পরিচয় ব্যবহার করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রভাব বিস্তার করে বেড়াত সে। ইলিয়াসের ফেসবুক আইডিতে দেখা গেছে, আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রীর সঙ্গে তাঁর সেলফি রয়েছে।
ইলিয়াসের চাচা মোহাম্মদ আজিজ বলেন, ভাতিজা তার ভারসাম্যহীন বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে উপজেলা রেজিস্ট্রি অফিসে নিয়ে বাবার সব জায়গাজমি হাতিয়ে নেয়। এ ঘটনায় তারা বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও প্রতিকার পাননি।
ইলিয়াস দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল জানিয়ে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
- বিষয় :
- গ্রেপ্তার
- আওয়ামী লীগ নেতা
- লোহাগড়া
