বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে পাহাড় ধস, যান চলাচল বন্ধ
পাহাড় ধসের কারণে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের সঙ্গে খাগড়াছড়িসহ সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে
মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ | ১৬:৫৯
ভারী বৃষ্টির কারণে রাঙামাটির বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে পাহাড় ধসে পড়েছে। এতে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের সঙ্গে খাগড়াছড়িসহ সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে।
রোববার সকালে সড়কের অন্তত তিনটি স্থানে পাহাড় ধসে পড়ার কথা জানিয়েছেন খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান। তিনি জানান, শনিবার রাত থেকে ভারী বৃষ্টি হওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯ মাইল, ১০ মাইল ও ১৪ মাইল এলাকায় পাহাড় ধসে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। লোকজন পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মাটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি ও আনসার-ভিডিপি সদস্যসহ স্থানীয়রা সড়ক থেকে মাটি সরানোর কাজে যোগ দিয়েছে।
