কিছু হলেই বিএনপির ঘাড়ে দোষ দিবেন না: ডা. জাহিদ
রোববার দুপুরে নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সমকাল
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ | ১৮:৩১ | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ | ১৮:৩৮
বিএনপির ঘাড়ে দোষ না চাপানোর আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বিগত নয় মাসে দেশের মধ্যে কিছু হলেই সব দোষ বিএনপি নেতাকর্মীদের ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয়েছে। অথচ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি গুম, খুন, মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা। লক্ষ লক্ষ নেতাকর্মী মামলার শিকার হয়েছেন ভুলে গেলে হবে না।
আজ রোববার দুপুরে নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমদ চৌধুরী এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাব আহমদ চৌধুরী।
ডা. জাহিদ বলেন, ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে কাঁঠাল রানী ষড়যন্ত্র করছেন, ভারত আওয়ামী লীগকে ক্ষমতার রাখার সকল চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন সেখানে বসে স্বৈরাচারের দোসররা চেষ্টা করছে, সেটা রুখে দিতে হবে।
তিনি আরও বলেন, প্রশাসনের মধ্যে এখনও স্বৈরাচার সরকারের দোসর ঘাপটি মেরে লুকিয়ে আছে। আপনারা দয়া করে খোলস থেকে বেরিয়ে আসুন এবং জনগণের কাতারে দাঁড়িয়ে জনগণের জন্য কাজ করুন। নাহলে কেউ আপনাদের রক্ষা করতে পারবে না।
