কক্সবাজার রেল স্টেশনে বসলো স্ক্যানার
কক্সবাজার রেল স্টেশন। ফাইল ছবি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫ | ২০:০৩ | আপডেট: ০৪ আগস্ট ২০২৫ | ২০:৪৫
দেশে প্রথমবারের মতো কোন রেলস্টেশনে বসানো হয়েছে স্ক্যানার। সোমবার সকালে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে যুক্তরাষ্ট্রের ‘অ্যাস্ট্রোফিজিক্স’ ব্র্যান্ডের অত্যাধুনিক স্ক্যানারটি বসানো হয়। মাদক, অস্ত্র ও চোরাই পণ্য শনাক্তে এই যন্ত্রটি বসানো হয়েছে। বাধ্যতামূলক করা হয়েছে স্টেশনের সব যাত্রীর ব্যাগ স্ক্যান করা ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসে ওঠার আগে যাত্রীদের ব্যাগসহ অন্যান্য জিনিস নতুন স্ক্যানিং যন্ত্রে স্ক্যান করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করছে। স্ক্যানিংয়ে সন্দেহজনক কিছু ধরা পড়লে সঙ্গে সঙ্গেই ব্যাগ খুলে দেখা হচ্ছে। যাত্রীরাও এতে সহযোগিতা করছেন। রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, স্ক্যানিং ব্যবস্থা যুক্ত হওয়ায় কক্সবাজারের এই রুটে ট্রেনভিত্তিক অপরাধ, মাদক ও অবৈধ পণ্য পরিবহন রোধে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হবে।
আইকনিক রেলস্টেশনে স্ক্যানিং কার্যক্রমে নিয়োজিত টিকিট কালেক্টর শান্ত বড়ুয়া বলেন, কক্সবাজার থেকে মাদক ও চোরাচালান বেড়েছে। যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই স্ক্যানিং ব্যবস্থা চালু করা হয়েছে। যাত্রীদের দুর্ভোগ এড়াতে ট্রেন ছাড়ার অন্তত ৩০ মিনিট আগে স্টেশনে আসার অনুরোধ করছি।
তিনি আরও বলেন, স্ক্যানিং যন্ত্রটি যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে। এটি ওষুধজাত দ্রব্য, মাদক, আগ্নেয়াস্ত্র ও চোরাই পণ্য শনাক্তে সক্ষম। যন্ত্রে সন্দেহজনক কিছু শনাক্ত হলে তবেই ব্যাগ খোলা হয়, অন্যথায় নয়। যাত্রীদের হয়রানি যেন না হয়, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।’
কক্সবাজার রেলস্টেশনের মাস্টার গোলাম রব্বানী বলেন, এরইমধ্যে চট্টগ্রাম, ঢাকা ও কক্সবাজার এই তিনটি স্টেশনে স্ক্যানিং মেশিন বসানো হয়েছে। তবে প্রথমে নিয়মিত অপারেশন শুরু হয়েছে কক্সবাজারে। সেনাবাহিনী, র্যা ব ও বিজিবির সদস্যরাও নিরাপত্তা কার্যক্রমে অংশ নিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
