পোর্ট সিটি ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ
চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫ | ০২:৫০ | আপডেট: ০৫ আগস্ট ২০২৫ | ০২:৫১
চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রথম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহির আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. এম মজিবুর রহমান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আনোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে জহির আহাম্মদ বলেন, জ্ঞান অর্জনই কেবল শিক্ষার মূল উদ্দেশ্য নয়। সততার সাথে পড়াশোনা করে সত্যিকার অর্থে মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠাই শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য। তোমরা আজ যে স্বপ্ন দেখবে, তা বাস্তবায়নের জন্যে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। এই পথচলায় তোমাদের পাশে থাকবে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আনোয়ার বলেন, আজকে নবাগতদের জন্যে একটি বিশেষ দিন। তোমরা তোমাদের চেষ্টা ও শ্রমে এখানে জায়গা করে নিয়েছো। ভবিষ্যতে বিশ্বের কঠিন প্রতিযোগিতায় নিজেদের জায়গা করে নিতে নিজস্ব সংস্কৃতি ও আচারকে প্রাধান্য দিয়ে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রথম দিন থেকেই তোমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
প্রভাষক জারিন রাফাহ চৌধুরী ও প্রভাষক সায়েদুল মোরসালিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, প্রফেসর প্রকৌশলী ড. মফজল আহমদ, প্রফেসর ড. ফসিউল আলম, প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক সেলিম হোসেন।
- বিষয় :
- নবীন বরণ
