ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়

বঙ্গবন্ধুর ছবি না নামানোয় প্রধান শিক্ষিকা বরখাস্ত

বঙ্গবন্ধুর ছবি না নামানোয় প্রধান শিক্ষিকা বরখাস্ত
×

শামিমা ইয়াছমিন

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫ | ০০:৫৮

স্বরূপকাঠির বলদিয়া ইউনিয়নের সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি না নামানোর অভিযোগে প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পিরোজপুর জেলা শিক্ষা অফিস থেকে এ আদেশ দেওয়া হয়েছে। নেছারাবাদের (স্বরূপকাঠি) শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিম আহমেদ বিষয়টি গত সোমবার রাতে নিশ্চিত করেছেন।
শিক্ষা কর্মকর্তা জানান, অফিসের মেইলে বরখাস্তের আদেশ এসেছে। জেলা শিক্ষা অফিস থেকে ফোনেও বিষয়টি জানানো হয়েছে। অফিসের সময় চিঠি পড়ে বিস্তারিত বলা যাবে। ঘটনাটি সরেজমিন তদন্ত করে দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে বক্তব্য জানতে প্রধান শিক্ষিকার সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে চাইলে তিনি কিছু বলতে রাজি হননি। তাঁর স্বামী মো. হাফিজুর রহমান বলেন, ‘সহকারী শিক্ষা কর্মকর্তা আমার স্ত্রীকে ফোন দিয়ে বলেছেন, আপনার চিঠি আছে। চাকরি থেকে বরখাস্তের বিষয়ে আমাদের কিছু বলেননি।’
বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি নামানোর কোনো সরকারি নির্দেশনা ছিল না বলে তাঁর স্ত্রী ছবি নামায়নি জানিয়ে হাফিজুর রহমান বলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা দেয়াল থেকে ছবি নামাতে বলেছেন, তাই নামানো হয়েছে। তাঁর প্রশ্ন– ‘এতে যদি আমার স্ত্রীর সমস্যা হয়, তাতে আমাদের করণীয় কী?’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার সব বিদ্যালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা হয়। কিন্তু সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস থেকে নামানো হয়নি। বিষয়টি নিয়ে এলাকার একটি মহল তৎপর হয়ে প্রধান শিক্ষিকাকে ছবি নামাতে বলে। 
সে সময় প্রধান শিক্ষিকা বলেন, ‘আমি সরকারি কোনো নির্দেশনা পাইনি, তাই নামাতে পারব না। অপনারা কেউ পারলে নামান।’ বিষয়টি শিক্ষা অফিসে জানালে রোববার সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিনের নির্দেশে ছবি নামিয়ে ফেলেন প্রধান শিক্ষিকা। এরই মধ্যে সোমবার জেলা শিক্ষা অফিস থেকে শামিমা ইয়াছমিনকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হলো।
 

আরও পড়ুন

×