জুলাই যোদ্ধাদের অবদানে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে: উপদেষ্টা আদিলুর
গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫ | ১৮:১৮
জুলাই যোদ্ধাদের অবদানের কারণে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, ‘জুলাই শহীদ, আহত ও অংশগ্রহণকারীদের সারাজীবন আমাদের মনে রাখতে হবে। আমরা তো বটেই, এরপর যে সরকারগুলো আসবে- তাদেরও মনে রাখতে হবে। জুলাইযোদ্ধাদের যে অবদান, এই অবদানের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে।’
আজ শুক্রবার সকালে চট্টগ্রামের পাঁচলাইশ জুলাই স্মৃতি উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পার্কের মাঝ বরাবর স্মৃতিস্তম্ভ নির্মাণে প্রাথমিকভাবে একমত পোষণ করে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভ হবে। যেহেতু শহীদদের নামে এই পার্ক, তাই এই পার্কের মাঝখানে যদি স্মৃতিস্তম্ভ করা যায়, সেটাই ভালো হবে। এ নিয়ে ভাবা হচ্ছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার মতামত নিতে হবে। আমরা এমন জায়গায় এটা স্থাপন করতে চাই, যাতে চট্টগ্রামে যারা শহীদ হয়েছে, তাদের স্মৃতি অম্লান থাকে।’
- বিষয় :
- শিল্প উপদেষ্টা
