ফরিদপুরে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার
ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫ | ১৮:৪১
ফরিদপুরে একটি ভাড়া বাসা থেকে মিম আক্তার (১৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর তার স্বামী ওই বাসা থেকে পালিয়ে গেছে। পুলিশ বলছে, মরদেহটির গলায় আঘাত রয়েছে।
আজ শনিবার দুপুর ২টার দিকে শহরের রঘুনন্দনপুরের আব্দুল জলিলের চতুর্থ তলা ভবনের দোতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত নারী শরিয়তপুরের জাজিরা সদর ইউনিয়নের সিরাজ শেখের মেয়ে। গত ৬ মাস আগে জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামের মিরাজ বিশ্বাস (২৫) নামের এক যুবককে স্বামী পরিচয়ে বাসাটি ভাড়া নেন।
বাড়িওয়ালা জলিল শেখের স্ত্রী নীরুন্নাহার বারী জানান, ৬ মাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন তারা। তাদের মধ্যে স্ত্রী মিম একটি বিউটি পার্লারে কাজ করেন এবং স্বামী মিরাজ বিশ্বাস একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন বলে জানিয়েছিলেন।
তিনি আরও বলেন, মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতো বলে জানতাম। গতকাল রাতেও তাদের মাঝে ঝগড়া হয় বলে শুনেছি। আজ ভোর রাতে আমাকে ডেকে গেটের তালা খুলে দিতে বলেন মিরাজ। কারণ, জানতে চাইলে বলেন, তার এক আত্মীয় মারা গেছে এবং সেখানে যাবে বলে জানান। পরে গেট খুলে দিলে তিনি চলে যান। পরে সকালে দুইজন ছেলে এসে মিরাজের আত্মীয় পরিচয়ে আমাদের সঙ্গে নিয়ে ওই বাসায় যেতে চান। এক পর্যায়ে আমরা গেলে ওই নারীকে ফ্লোরে মৃত অবস্থায় পরে থাকতে দেখি। তা দেখেই ওই দুইজন কৌশলে পালিয়ে যান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি ঘরের ভেতর কাপড় দিয়ে ঢাকা অবস্থায় এবং গলায় একটি আঘাত দেখা গেছে। এ ঘটনার পর তার স্বামী পালিয়ে যান। তাকে ধরতে পুলিশ কাজ করছে। এছাড়া নিহত নারীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- বিষয় :
- ফরিদপুর
- নারীর মৃত্যু
