‘অবুঝ নাতি দুইডারে এতিম কইরা গেলো’
স্ত্রীর পর স্বামীর বিষপান, পাঁচদিন পর মৃত্যু দুজনের
ছবি: সমকাল
সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫ | ২০:৪৪
রাজমিস্ত্রির কাজে অল্প আয়। এ দিয়ে স্ত্রী ও দুই শিশু সন্তানের খরচ চালাতে হিমশিম খাচ্ছিলেন দেলোয়ার হোসেন। টানাটানির সংসারে ঝগড়া লেগেই থাকতো স্ত্রী রাখি আক্তারের সঙ্গে। সোমবারও এমন ঝগড়া হয় দুজনের। দেলোয়ার বাড়ি থেকে বেরিয়ে গেলে বিষপান করেন রাখি। সংবাদ পেয়ে বাড়ি ফিরে বোতলের বাকি বিষ গলায় ঢেলে দেন দেলোয়ার। মুমূর্ষু অবস্থায় ঢাকার দুটি হাসপাতালে শনিবার মৃত্যু হয়েছে দুজনেরই।
শনিবার তাদের মৃত্যুর সংবাদ পৌঁছায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বাড়িতে। সেখানে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। দেলোয়ারের বাবা মো. বারেক মিয়া বলেন, সোমবার সন্ধ্যার দিকে হঠাৎ দেখেন তার ছেলের বউ বমি করছেন। তাকে হাসপাতালে নিয়ে যান। এরই মধ্যে ছেলে খবর পায়, বউ বিষপান করেছে। সে বাসায় ফিরে বোতলের বাকি বিষ পান করে।
বারেক মিয়ার ভাষ্য, ‘কী কারণে তারা এমন করল, বলতে পারি না। মনে হয় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ফ্যাসাদ হইছিল। তারা মইরা গিয়া আমার নাতি দুইডারে এতিম কইরা গেল।’
উপজেলার বাসাইল ইউনিয়নের চরকুন্দলিয়া গ্রামের বাসিন্দা দেলোয়ারের সঙ্গে বছর ছয়েক আগে বিয়ে হয়েছিল একই গ্রামের মো. রশিদের মিয়ার মেয়ে রাখি আক্তারের। রাকিব (৪) ও সাকিব (৩) নামে দুই ছেলে আছে এ দম্পতির।
বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের ভাষ্য, ‘আমি যতটুকু জেনেছি অভাবের সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। দুজনের এই মনোমালিন্যের কারণেই এই ঘটনা ঘটতে পারে।’
স্বজনেরা জানায়, সোমবার রাত ৯টার দিকে বাড়ির লোকজন দেলোয়ার (২৫) ও রাখিকে (১৮) উদ্ধার করে শুরুতে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ট হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাখিকে ঢাকার নিউ লাইফ হাসপাতালে ও দেলোয়ারকে ম্যাক্সএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার সকাল ৯টার দিকে মৃত্যু হয় দেলোয়ারের। এর ঘণ্টাখানেক পর রাখিও মারা যান।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, দেলোয়ার-রাখি দম্পতির সংসারে রাকিব (৪) ও সাকিব (৩) নামের দুই ছেলে আছে। দেলোয়ার রাজমিস্ত্রির কাজ করতেন। অভাব-অনটনের সংসারে তার সঙ্গে স্ত্রীর প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। তাদের ধারণা, এর জেরেই রাগের মাথায় বিষ পান করে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- মৃত্যু
- বিষপান
- স্বামী-স্ত্রীর মৃত্যু
